কুষ্টিয়া, ২৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় র্যাব-পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে 'চরমপন্থী' রাশেদুল বাহিনীর প্রধান রাশেদুল ইসলাম ওরফে রাশেদুল (৩৮) নিহত হয়েছেন।
বুধবার ভোররাতে শহরতলীর উত্তর লাহিনী এলাকায় এ ঘটনা ঘটে।
শহরের মিললাইন ভাটাপাড়া এলাকার প্রয়াত রুস্তম আলির ছেলে রাশেদুলের বিরুদ্ধে চারটি হত্যা মামলাসহ ১৮টি মামলা এবং ২৬টি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফারুক হোসেন।
তিনি বলেন, "উত্তর লাহিনী এলাকার তালতলা মাঠে একদল সন্ত্রাসীর গোপন বৈঠকের খবর পেয়ে সদর থানা পুলিশ ও র্যাব-১২ এর একটি দল রাত সোয়া ৩টার দিকে সেখানে পৌঁছায়। র্যাব-পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তখন গুলি ছোঁড়ে।
"এ সময় র্যাব ও পুলিশ সদস্যরা পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে রাশেদুল নিহত এবং তার সহযোগীরা পালিয়ে যায়।"
পুলিশ কর্মকর্তা ফারুক জানান, উভয় পক্ষের মধ্যে প্রায় ৫০ রাউন্ড গুলিবিনিময় হয়। ঘটনাস্থল থেকে একটি সাটারগান ও তিন রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য রাশেদুলের মৃতদেহ সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
চরমপন্থীদের দমনে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান চলছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু চরমপন্থীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেছেন, তারা তা না করলে অভিযান আরও জোরদার করা হবে।
মানবাধিকার সংগঠন অধিকার জানায়, গতমাসে দেশে 'ক্রসফায়ার/এনকাউন্টার/বন্দুকযুদ্ধে' ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১০ জনই বিভিন্ন 'চরমপন্থী' দলের সদস্য।
এসব ঘটনাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আখ্যায়িত করে তা বন্ধের দাবি জানিয়ে আসছে মানবাধিকার সংগঠনগুলো।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বহির্ভূত কোনও হত্যাকাণ্ড ঘটাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/এসএইচ/১৪০৩ ঘ.
bdnews24