জামালপুর, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মার্বেল খেলাকে কেন্দ্র করে জামালপুর সদর উপজেলার ঈদের দিন সোমবার রাতে দুই গ্রামের লোকজনের সংঘর্ষে কমপক্ষে ৬০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে ৩৯ জনকে রাতে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা বিভিন্ন ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সদর উপজেলার চর মল্লিকপুর গ্রামের আহত আব্দুল করিম ও চান্দের হাওড়া গ্রামের আহত গোলজার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মার্বেল খেলাকে কেন্দ্র করে ঈদের দিন সন্ধ্যায় চর মল্লিকপুর গ্রামের জিয়াঊলের ছেলে মহসীনের সঙ্গে পাশ্ববর্তী চান্দের হাওড়া গ্রামের গেদার ছেলে শফিকুলের হাতাহাতি হয়।
এ ঘটনায় রাত ৮টার দিকে চর মল্লিকপুরের লোকজন চান্দের হাওড়া গ্রামের লোকজনের উপর হামলা চালায়। এতের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে দা, লাঠি, ফালাসহ দেশি বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে দু'পক্ষ।
আহতদের মধ্যে যাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা হলেন- চান্দের হাওড়া গ্রামের চান মিয়া (৪০), খোরশেদ খান (৩৮), ওয়াহাব (৫০), নায়েব আলী (৪৫), সামিউল হক (৪০), বাবুল (৩০), রব্বানী (৩৫), মতিউর রহমান (৫৫), আব্দুর রহীম (৪২), সামিউল ইসলাম (৩৮), জিয়াঊল হক, বখতিয়ার (৪০), মন্তাজ (৩০), জয়নাল আবেদীন (৪৫), মিনা আক্তার (২২), তায়েবুর (৪৫), গোলজার হোসেন (৪৮), হুমায়ুন (২৫), চঞ্চল (২৪), লিটন (৩১), আব্দুল লতিফ (২৫), শাহীন (৩২) ও কালু (১৫)।
চর মল্লিকপুর গ্রামের আব্দুল করিম (৪৫), আল আমীন (২০), মুসলিম (৪০), তারা মিয়া (২৪), সেকান্দর (৩৯), ইদ্রিস মিয়া (৪২), মুনছের (৩০), বেগম (৬০), হাফিজুর (২৫), খলিল (২০), জগলু (৪৫), জল্পনা (১১), শাহাজ ঊদ্দিন (৫৫), জবেদ আলী (২৫), ফকির (২০), হাফেজ (৬০) ও আহাম্মেদ (১৯)।
জামালপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, এই ঘটনায় কোনো পক্ষই থানায় মামলা করেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪০ ঘ.
bdnews24