গাজীপুর, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুর শহরের বাইপাস সড়কের মোগরখাল এলাকায় সোমবার গভীর রাতে টহল দেওয়ার সময় একদল ডাকাত লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের গুলিতে এক ডাকাত আহত হয়।
আহত অবস্থায় পালানোর সময় এলাকাবাসীর সহায়তায় ডাকাত সাইদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ডাকাতদের হামলায় আহত হয়েছেন জয়দেবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ ও মো. শহীদুর রহমান। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এসআই শাহীদুর রহমান জানান, রাত ৩টার দিকে ৭/৮ জন ডাকাত সাধারণ যাত্রীবাহী গাড়ি ভেবে সড়কে গাছ ফেলে পুলিশের একটি টহল গাড়ি থামায়। এরপর লাঠিসোটা নিয়ে হামলা করতে গিয়ে তারা পুলিশের গাড়িটি চিনতে পারে।
আত্মরক্ষার্থে পুলিশ গুলি করলে গুলিবিদ্ধ হয় সাইদুল ইসলাম। পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সহায়তায় ডাকাতদলটিকে ধাওয়া করে পুলিশ সাইদুলকে ধরে ফেলে।
এসআই শহীদুর জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৭০০ ঘ.
bdnews24