২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর বর্ষের ছাত্রী মাফরুদা হক সুতপার রহস্যজনক মৃত্যু হয়েছে। রাজধানীর মীরপুর পানির ট্যাংকি এলাকায় শনিবার রাত সাড়ে নয়টায় সুতপার শ্বশুরবাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2009, 06:21 AM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর বর্ষের ছাত্রী মাফরুদা হক সুতপার রহস্যজনক মৃত্যু হয়েছে। রাজধানীর মীরপুর পানির ট্যাংকি এলাকায় শনিবার রাত সাড়ে নয়টায় সুতপার শ্বশুরবাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সুতপার পরিবার দাবি করেছে, স্বামী ইমরুল সাদাত আবীর তাকে পিটিয়ে হত্যা করেছে। শনিবার রাতেই আবীরকেও গ্রেপ্তার করে পুলিশ। হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মিরপুর থানায় মামলা দায়ের করেন সুতপার ভাই শাহ আলম। ২০০৮ সালের ১৭ জুন পারিবারিকভাবে ইমরুলের সঙ্গে সুতপার বিয়ে হয়। ইমরুল আল- আরাফাহ ব্যাংকের দিলকুশা শাখায় কর্মরত। সুতপার ভাগ্নি মৌমিতা সিদ্দিকা অভিযোগ করেন, নিহতের স্বামী ইমরুল সুতপাকে পিটিয়ে হত্যা করেছে। তবে ইমরুল পুলিশের কাছে দাবি করেছে, দাম্পত্য কলহের জের ধরে শনিবার রাতে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এরই একপর্যায়ে সুতপা গ্রিলে ঝুলে আত্মহত্যা করে। মৌমিতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুতপার শরীরে অসংখ্য জখমের চিহ্ন ছিল। গলায় কাটা দাগও ছিল।" তিনি জানান, ব্যক্তিগত চিকিৎসক দিয়ে লাশ পরীক্ষার পর সুতপার শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। তিনি আরও জানান, ওর শ্বশুরবাড়ি থেকে আমাদের কেউ কোন খবর জানায় নি। আমরা ওই বাড়ির প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে রাত পৌনে ১১টায় সেখানে যাই। মিরপুর থানার উপ-পরিদর্শক পারভিন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হত্যার অভিযোগে ইমরুল সাদাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুতাপার লাশ তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গায় দাফন করা হবে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জিএমএ/আরএ/এসএইচ/১৬০৫ঘ.