২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আট জেলায় সাতজন খুন, দুটি লাশ উদ্ধার

খুলনা, নারায়ণগঞ্জ, রংপুর, কিশোরগঞ্জ, পিরোজপুর ও ফরিদপুরে বিভিন্ন ঘটনায় সাতজন জন নিহত হয়েছেন। বাগেরহাট ও সাভারে দু'জনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ও শনিবার এসব ঘটনা ঘটেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিরা জানিয়েছেন। খুলনা: গুঁড়ো দুধ চুরির অভিযোগে মারধর করায় নগরীর দৌলতপুরে মো. উজ্জল (১৯) নামে এক কারখানা কর্মচারীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2009, 04:50 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা, নারায়ণগঞ্জ, রংপুর, কিশোরগঞ্জ, পিরোজপুর ও ফরিদপুরে বিভিন্ন ঘটনায় সাতজন জন নিহত হয়েছেন। বাগেরহাট ও সাভারে দু'জনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ও শনিবার এসব ঘটনা ঘটেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিরা জানিয়েছেন। খুলনা: গুঁড়ো দুধ চুরির অভিযোগে মারধর করায় নগরীর দৌলতপুরে মো. উজ্জল (১৯) নামে এক কারখানা কর্মচারীর মৃত্যু হয়েছে। উজ্জ্বল দৌলতপুরের নতুন রাস্তার মোড় এলাকার মিল্কি আইসক্রিম কারখানায় কাজ করতেন। কারখানা কর্মচারীদের বরাত দিয়ে দৌলতপুর থানার উপ-পরিদর্শক মো. সেলিম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার ভোরে উজ্জ্বল কারখানা থেকে গুঁড়ো দুধ চুরির সময় ধরা পড়লে কারখানার মালিক এবং অন্য কর্মচারীরা তাকে পিটিয়ে আহত করে। শুক্রবার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ভোরে তিনি মারা যান। এ ঘটনায় থানায় পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বলেও তিনি জানান। মিল্কি আইসক্রিম কারখানার মালিক মাসুদ হাসান মাসুমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ওই কারখানার হিসাবরক্ষক মীর আবু নাসের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। তবে অন্য কর্মচারীরা উজ্জ্বলকে মারপিট করেছে বলে শুনেছি।" নারায়ণগঞ্জ: সদর উপজেলার ফতুল্লার লাল খাঁ এলাকায় শুক্রবার রাতে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জসিমউদ্দিন (২১) নামের এক কলা বিক্রেতাকে হত্যা করেছে। জসিম উদ্দিন চাঁদপুরের মতলব উপজেলার নূর ইসলামের ছেলে। তিনি লাল খাঁ এলাকায় একটি রিকশা গ্যারেজে থাকতেন। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, রাত ৯টার দিকে কলা বিক্রি করে ফেরার পথে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে পেছন থেকে জসিমকে আঘাত করে। আশংকাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। পূর্ব শত্র"তার জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে। কাউকে গ্রেপ্তার করা যায়নি। রংপুর: মিঠাপুকুর উপজেলায় ডাকাতের পিটুনিতে জামিরুল ইসলাম (৩০) নামে এক টেম্পো চালক এবং পীরগঞ্জে দু'দলের সংঘর্ষে মনোয়ার হোসেন নামে একজন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী টেম্পোযাত্রী সালাম ও জুনাবের বরাত দিয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, শনিবার ভোরে ঢাকা থেকে আসা নাইট কোচের পাঁচ যাত্রী উপজেলার শঠিবাড়ি থেকে ট্যাম্পু নিয়ে ছড়ান শিবপুর গ্রামে যাচ্ছিলেন। হামিদপুর এলাকায় পৌঁছলে ৮/১০ জন ডাকাত টেম্পো যাত্রীদের টাকা ও মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় টেম্পো চালক জামিরুল ইসলাম বাধা দেন। এতে ডাকাতরা তাকে ঘটনাস্থলে পিটিয়ে হত্যা করে। ডাকাতরা টেম্পোর পাঁচ যাত্রীর কাছ থেকে নগদ টাকাসহ প্রায় এক লাখ টাকার মালামাল নিয়ে গেছে। জামিরুল ইসলাম উপজেলার ছড়ান শিবপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান। এদিকে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন মোস্তফা জানান, শুক্রবার বিকেলে উপজেলার মির্জাপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মনোয়ার হোসেন গুরুতর আহত হন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর শনিবার ভোরে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী ফাহিমা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ফাহিমা বেগম অভিযোগ করেন, প্রতিবেশী লুলু মণ্ডলের সঙ্গে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে লুলু আত্মীয়-স্বজনসহ তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর এবং নগদ অর্থসহ ৪০ হাজার টাকার মালামাল লুট করে। এ সময় তার স্বামী তাদের বাধা দিলে তারা কোদাল দিয়ে মাথায় কুপিয়ে গুরতর আহত করে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর শনিবার ভোরে মনোয়ার মারা যান। কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ রেল স্টেশনের প্লাটফর্মে শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহ আলম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এলাকাবাসীর বরাত দিয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন জানান, জেলা শহরের নীলগঞ্জ রোড এলাকার বাসিন্দা শাহ আলম ঢাকা থেকে আন্তনগর এগারসিন্ধু ট্রেনযোগে রাত ১২টার দিকে কিশোরগঞ্জ রেল স্টেশনে পৌঁছান। প্লাটফর্মে নামার সঙ্গে সঙ্গে ৪/৫ জন অজ্ঞাত পরিচয় দুর্বৃত্ত তাকে টেনেহিঁছড়ে কিছুদূর নিয়ে গিয়ে ছুরিকাহত করে। স্থানীয়রা সেখান থেকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পঠানো হয়েছে। ওসি বলেন, শাহ আলম ঢাকায় একটি প্রাইভেট ক্লিনিকে চাকরি করতেন। পূর্ব শুত্র"তার জেরে ঘটনাটি ঘটে থাকতে পারে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। পিরোজপুর: ভাণ্ডারিয়া উপজলায় শুক্রবার রাতে সশস্ত্র ডাকাতরা গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মো. আল-আমিন (২৫) নামের একজনকে খুন করেছে। ডাকাতদের হামলায় আহত হয়েছেন তিন সহদোর বেলায়েত বেপারী, হেমায়েত বেপারী ও সোহরাব বেপারী। এদের মধ্যে প্রথম দু'জনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত আল-আমিন ইকড়ি ইইনয়ন পরিষদ চেয়্যামান আব্দুল হাই হাওলাদারের ছেলে। এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ সুপারিনটেনডেন্ট মো. শহীদুল্লাহ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৩টার দিকে ১০/১২ জন সশস্ত্র ডাকাত মধ্যপাড়া গ্রামের তিনটি বাড়িতে ডাকাতি করছিল। এ সময় আল-আমিন ফোনে থানায় খবর দেন। গ্রামবাসী ও পুলিশের উপস্থিতিতে ভীত হয়ে ডাকাতরা গুলি ছুঁড়তে শুরু করে। এক পর্যায়ে আল-আমিন একজন ডাকাতকে ঝাপটে ধরার চেষ্টা করলে একজন ডাকাত তার মাথায় গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এর কিছুক্ষণ পর আল-আমিন মারা যান। পুলিশ সুপারিনটেনডেন্ট মো. শহীদুল্লাহ চৌধুরী এবং জেলা প্রশাসক মো. রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে পুলিশ তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে। ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ভাণ্ডারিয়ার বন্দর এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- বাগেরহাটের শরণখোলা উপজেলার রুস্তম ও মিজানুর রহমান। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল হাই হাওলাদার থানায় একটি মামলা করেছেন। ফরিদপুর: চুরির অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরে শনিবার ভোরে গণপিটুনিতে নূর ইসলাম (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক আওলাদ হোসেন জানান, এলাকার পরিচি‎িত চোর নূর ইসলাম উপজেলা স্বাস্থ্যকেন্দ্র এলাকার আবুল হাসান মাস্টারের বাড়িতে চুরি করতে গেলে গৃহকর্তার চিৎকারে এলাকাবাসী এসে তাকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নূর ইসলাম পাশের বোয়ালমারী উপজেলার বানিয়াড়ীপাড়ার সেকেন্দার আলীর ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আবুল হাসান মাস্টার বাদী হয়ে থানায় মামলা করেছেন। বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ ফেরিঘাট থেকে শুক্রবার রাতে অজ্ঞাতনামা এক তরুণীর (২২) হাত-পা বাঁধা গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী জানান, শুক্রবার রাতে স্থানীয় লোকজন ফেরিঘাট এলাকায় পানগুছি নদীতে এক তরুণীর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। মেয়েটির হাত ও পা দড়ি দিয়ে বাঁধা ছিল। তার নাম পরিচয় জানা যায়নি। তাকে অন্তত ১০/১২ দিন আগে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার দুপুরে ময়নাতদন্তের পর লাশ আঞ্জুমানে মুফিদুল ইসলামকে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা লোকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। সাভার: সাভারের গৌরিপুর এলাকার সমতা আবাসিক প্রকল্প থেকে শনিবার এক রিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বাবুল মিয়ার (৪২) বাড়ি পাবনার ফরিদপুর উপজেলার আদল গ্রামে। তিনি এলাকার আলাউদ্দিনের রিকশা গ্যারেজের রিকশা চালাতেন। আশুলিয়া থানার উপ-পরিদর্শক ইলিয়াছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুরে সমতা আবাসিক প্রকল্প'র একটি প্রাচীর ঘেরা পরিত্যাক্ত জমিতে রক্তমাখা একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শুক্রবার রাতে কোনো এক সময় তাকে হত্যা করা হয় বলে পুলিশ ধারণা কারছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৪৭ ঘ.