২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পাঁচটি পোশাক কারখানায় বিক্ষোভ-ভাঙচুর

চলতি মাসের ১৫ দিনের বেতন ও ঈদ বোনাসের দাবিতে শনিবার সকালে গাজীপুরে চারটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও ভাঙচুর করেছে। বিক্ষোভের সময় কোনো কোনো কারখানায় হাতাহাতি ও মারধরের ঘটনাও ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2009, 01:00 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

গাজীপুর, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি মাসের ১৫ দিনের বেতন ও ঈদ বোনাসের দাবিতে শনিবার সকালে গাজীপুরে চারটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও ভাঙচুর করেছে। বিক্ষোভের সময় কোনো কোনো কারখানায় হাতাহাতি ও মারধরের ঘটনাও ঘটেছে। যেসব কারখানায় বিক্ষোভ হয়েছে সেগুলো হল- গাজীপুরে সদরের কোনাবাড়ি বিসিকি শিল্প এলাকার রিতা টেক্সটাইল, নাজ সোয়েটার, মাস্টারবাড়ি নান্দুয়াইন এলাকার স্টাইলো ফ্যাশন লিমিটেড, বাদে কলমেশ্বর এলাকার উইন ওয়্যার লিমিটেড ও টঙ্গীর গাজীপুরা শরীফ মার্কেট এলাকার মার্ক এন্ড মুড লিমিটেড। কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে রিতা টেক্সটাইল মিলের শ্রমিকরা বেতন ও বোনাসের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করে। এক পর্যায়ে একজন সুইং অপারেটরের সঙ্গে নিরাপত্তা প্রহরীর কথা কাটাকাটি ও হাতাহাতি হলে শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর দেড়টার দিকে কর্তৃপক্ষ পাওনা পরিশোধ করলে শ্রমিকরা শান্ত হয় বলে জানান উপ-পরিদর্শক ইউসুফ আলী। তিনি আরো জানান, কোনাবাড়ির নাজ সোয়েটার কারখানায় শ্রমিকরা শনিবার সকাল ১০ টা থেকে কর্মবিরতি, বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট শুরু করে। বেতন-বোনাস না পেয়ে বিক্ষুদ্ধ শ্রমিকরা সন্ধ্যা পৌনে ৬টার দিকে কারখানার জানালার কাচ ভাঙচুর করে এবং মেশিনপত্র ও মালামাল তছনছ করে। সোয়া ৬টার দিকে পুলিশ তাদের কারখানা এলাকা থেকে সরিয়ে দেয়। রাত ৮টা পর্যন্ত কারাখানায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। মাস্টারবাড়ি নান্দুয়াইন এলাকায় স্টাইলো ফ্যাশন লিমিটেডের পোশাক শ্রমিকরা বেতন- বোনাসের দাবি জানালে কারখানা কর্তৃপক্ষ কয়েক জন শ্রমিককে লাঞ্ছিত করে। এই ঘটনায় কারখানার শ্রমিকরা সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বিক্ষুদ্ধ শ্রমিকরা ইট-পাটকেল ছুঁড়ে কারখানার জানালার কাঁচ ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শনিবারের মধ্যেই পাওনা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা আন্দোলন ত্যাগ করে বলে জানান হোতাপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম। গাজীপুর সদরের বাদে কলমেশ্বর এলাকার উইন ওয়্যার লিমিটেডের ৬ শতাধিক শ্রমিক দুপুর ১২টার দিকে বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করে। পরে বিকেল পৌনে চারটার দিকে কারখানা কর্তৃপক্ষ তাদের পাওনা পরিশোধ করলে তারা শান্ত হয় বলে জানান জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোল্যা সোয়েব আলী। এছাড়া টঙ্গীর গাজীপুরা শরীফ মার্কেট এলাকার মার্ক এন্ড মুড লিমিটেড নামের পোশাক কারখানার দেড় শতাধিক শ্রমিক চলতি মাসের ১৫দিনের বেতনের দাবিতে সকাল ১০টার দিকে কারখানায় অবস্থান ধর্মঘট করে। টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম জানান, দুপুর আড়াইটার দিকে কর্তৃপক্ষ তাদের পাওনা পরিশোধ করলে তারা শান্তিপূর্ণভাবে এলাকা ত্যাগ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৫২ ঘ.