মানিকগঞ্জ, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-পাটুরিয়া মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার আড়পাড়া নামক স্থানে শনিবার দুপুরে গ্যাস চালিত একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে যায়। এতে বাসটি পুরোপুরি পুড়ে গেছে।
আগুন লাগার পর তাড়াহুড়ো করে নামতে গিয়ে ১০ যাত্রী আহত হয়েছেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর পৌনে ২টার দিকে ঢাকাগামী সোহেল পরিবহনের একটি বাস ঢাকা-পাটুরিয়া মহাসড়কের আড়পাড়া নামক স্থানে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি বাসের সঙ্গে ধাক্কা খায়।
সজোরে ধাক্কা লেগে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে সঙ্গে সঙ্গে বাসে আগুন ধরে যায়। আগুন লাগার ফলে তাড়াহুড়ো করে বাস থেকে নামতে গিয়ে অন্তত ১০ যাত্রী আহত হন। খবর পেয়ে দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনা কবলিত বাসটিকে আটক করা হয়েছে বলে জানান ওসি মনিরুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭২৩ ঘ.
bdnews24