ভোলা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলায় ঠিকাদারের কাছ থেকে পাওয়া কমিশনের টাকা ভাগবাটোয়ারা নিয়ে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রাতে আরো একটি মামলা হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার জেলা যুবলীগের আহবায়ক, ছাত্রলীগের সভাপতি ও শ্রমিক লীগের সাধারণ সম্পাদসহ ১৫ জনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।
ভোলা কোষ্টগার্ডের একটি ভবন নির্মাণ কাজের জন্য ঠিকাদার আব্দুল খালেকের কাছ থেকে জেলা আওয়ামী লীগ নেতারা এক কোটি ২৫ লাখ কমিশন পান।
ওই টাকা ভাগাভাগি নিয়ে বুধবার আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হন স্থানীয় চা দোকানি মাঈন উদ্দিন, আওয়ামী লীগ কর্মী শাহাবুদ্দিন ও পথচারী মোস্তফা।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান শেখ জানান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লিয়াকত হোসেন মনসুর বাদী হয়ে চান মিয়া, সুমন ও মামুনকে আসামি করে একটি মামলা করেছে।
শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আসামিদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
এই মামলার আসামিরা জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান ফজলুল কাদের মজনু মোল্লার সমর্থক।
বৃহস্পতিবার ফজলুল কাদের গ্র"পের শাহাবুদ্দিন ও জসিম জেলা যুবলীগের আহবায়ক, ছাত্রলীগ সভাপতি ও শ্রমিক লীগের সাধারণ সম্পাদকসহ ১৫ জনের বিরুদ্ধে দুটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৮ ঘ.
bdnews24