২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু

মহালয়ার মধ্য দিয়ে শুক্রবার থেকে শুরু হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। দেবী দূর্গার বোধনের মাধ্যমে শুরু হবে ৬ষ্ঠী পূজা। ২৮ সেপ্টেম্বর প্রতিমা বির্সজনের মধ্যে দিয়ে শেষ হবে দুর্গোৎসবের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2009, 01:34 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহালয়ার মধ্য দিয়ে শুক্রবার থেকে শুরু হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। দেবী দূর্গার বোধনের মাধ্যমে শুরু হবে ৬ষ্ঠী পূজা। ২৮ সেপ্টেম্বর প্রতিমা বির্সজনের মধ্যে দিয়ে শেষ হবে দুর্গোৎসবের। মহালয়া অনুষ্ঠানের অংশ হিসেবে শুক্রবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরসহ দেশের বিভিন্ন মন্দিরে ঘট স্থাপন করা হয়। সন্ধ্যায় বিভিন্ন মন্দিরে চন্ডিগ্রন্থ অবলম্বনে সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে। দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে দেখা যায়, ঢাক-কাশা বাজিয়ে পুরনো প্রতিমা মন্দিরের পুকুরে বির্সজন দেওয়া হচ্ছে। পাশাপাশি তৈরি করা হচ্ছে নতুন প্রতিমা। তবে এ প্রতিমায় এখনও রঙের আঁচর পড়েনি। রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী স্থিরাত্মানন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মূলত মহালয়া, বোধন আর সন্ধিপূজো। এ তিন পর্ব মিলেই দুর্গোৎসব। আজ (শুক্রবার) সকাল থেকে মহালয়ার মাধ্যমে শুরু হলো এই উৎসবের।" তিনি জানান, পুরাণ মতে, মহালয়ার মাধ্যমে শুরু হয় দেবী পক্ষের। এর আগের পক্ষ হলো পিতৃপক্ষ। এই পক্ষে ভক্তরা তাদের পূর্বপূরুষের আত্মার প্রীতির জন্য অন্ন-জল নিবেদন করে থাকেন। শাস্ত্রে একে তর্পণ বলা হয়। মহালয়ার মধ্যে দিয়ে তর্পন পর্ব শেষ হলো। আর শুরু হলো দেবী পক্ষের। এ পক্ষে ভক্তরা চন্ডিগ্রন্থ পাঠের মাধ্যমে দেবীকে আবাহন এবং তার লীলা স্মরণ করে থাকেন। স্থিরাত্মানন্দ আরও জানান, মহালয়ার প্রাক সন্ধ্যায় অর্থাৎ শুক্লপক্ষের চতুর্দশীতে কাত্যায়ানী মুণীর কন্যা রূপে মহিষাসুর বধের জন্য দেবী দূর্গা জন্মগ্রহণ করেন। মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি কাজল দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবছর রাজধানীতে ১৭২ টি মণ্ডপে পূজা হবে। গত বছরের তুলনায় ৯ টি বেশি। মিরপুর ও উত্তরায় দুটি নতুন পূজা মণ্ডপে এবার দূর্গা পূজা হচ্ছে। এছাড়া সূত্রাপুরে তিনটি, কোতওয়ালী, সবুজবাগ, ডেমরায় একটি করে নতুন মন্ডপ তৈরি হয়েছে। তিনি জানান, সারাদেশে এবছর ২৩ হাজারেরও বেশি পূজা মণ্ডপে দূর্গা পূজা হচ্ছে। সরকারি হিসেবে গত বছর সারাদেশে ২২ হাজার ৮শ' টি মণ্ডপে পূজা হয়।" কাজল দেবনাথ আরও বলেন, "অন্যান্য বছর পূজার আগে প্রতিমা ভাঙ্গার যে সংস্কৃতি গড়ে উঠেছিল সেটা বন্ধ হয়েছে। দু'একটি বিছিন্ন ঘটনা ছাড়া এবছর এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/১৯২৭ ঘ.