২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাধার মুখে হাতিয়ায় ঢুকতে পারেননি স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম

স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম বৃহস্পতিবার একদল লোকের বাধার মুখে তার নির্বাচনী এলাকা হাতিয়ায় ঢুকতে পারেননি। ফজলুল আজিম এ ঘটনার জন্য আওয়ামী লীগ দলীয় সাবেক সাংসদ মোহাম্মদ আলীকে দায়ী করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2009, 07:35 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

নোয়াখালী, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম বৃহস্পতিবার একদল লোকের বাধার মুখে তার নির্বাচনী এলাকা হাতিয়ায় ঢুকতে পারেননি। ফজলুল আজিম এ ঘটনার জন্য আওয়ামী লীগ দলীয় সাবেক সাংসদ মোহাম্মদ আলীকে দায়ী করেছেন। তার অভিযোগ, মোহাম্মদ আলীর 'ইন্ধনে' সর্দার বাশার মাঝির নেতৃত্বে বনদস্যুরা তাকে ঈদের আগে এলাকার গরীব মানুষের মধ্যে সাহায্য বিতরণ করতে দেয়নি। মোহাম্মদ আলী অভিযোগ অস্বীকার করে বলেছেন, "এমপি আজিমের সঙ্গে এলাকার মানুষের যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে এ ঘটনা ঘটেছে।" প্রত্যক্ষদর্শীরা জানান, ফজলুল আজিমের আসা ঠেকাতে দুপুর থেকে হাতিয়া বাজারে মোহাম্মদ আলীর সমর্থক কয়েক হাজার ভূমিহীন নারী-পুরুষ লাঠিসোটা নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শুরু করে। সমাবেশ থেকে ফজলুল আজিমকে হাতিয়ায় ঢুকতে না দেওয়ার ঘোষণা দেওয়া হয়। ফজলুল আজিম ঢাকা থেকে হাতিয়া যাওয়ার উদ্দেশ্যে বিকেলে জেলা সদর মাইজদীতে এসে পৌঁছান। এ পরিস্থিতিতে হাতিয়ায় যাওয়ার জন্য তিনি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতা চান। কিন্তু সন্ধ্যা ছয়টায় পুলিশ সুপারিনটেনডেন্ট সার্কিট হাউজে এসে তাকে হাতিয়ায় যেতে নিষেধ করেন বলে ফজলুল আজিম জানান। ফজলুল আজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাতীয় সংসদে হাতিয়ায় বনদস্যুদের দখল, লুটপাট, হত্যা ও নৌ-ডাকাতি সম্পর্কে কথা বলায় মোহাম্মদ আলীর ইন্ধনে একদল সন্ত্রাসী আমার পূর্বনির্ধারিত সফরে বাধা দেয়।" নোয়াখালীর পুলিশ সুপারিনটেনডেন্ট হারুনুর রশিদ হাযারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফজলুল আজিম সাহেবের হাতিয়া সফরে বাধাদানকারীদের সংখ্যা অনেক বেশি ছিল। এছাড়া তার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় তাকে এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়।" এদিকে ফজলুল আজিমকে ঢুকতে বাধা দেওয়ার পর পুরো হাতিয়া উপজেলার বিভিন্ন স্থানে দুপক্ষের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়। সংঘর্ষে রাত দশটা পর্যন্ত হাতিয়া থানার উপ-পরিদর্শক নুরুল হাকিমসহ কমপক্ষে পাঁচজনের আহত হওয়ার খবর পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসকে/২৩৫৫ঘ.