খুলনা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা নগরীর স্টেশন রোডের দু'টি গুদাম থেকে বুধবার সন্ধ্যায় সাড়ে তিন হাজার বস্তা চিনি উদ্ধার করেছে ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত।
উদ্ধার করা চিনি ২৪ ঘণ্টার মধ্যে খোলা বাজারে বিক্রির নির্দেশ দিয়েছে আদালত।
ভ্রাম্যমাণ আদালতের সদস্য খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বাস রাসেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে নগরীর উত্তম কুমার রায়ের আর কে ট্রেডার্স এবং হাজী ইদ্রিস আলীর শাহজালাল ট্রেডার্সে অভিযান চালানো হয়। আর কে ট্রেডার্স থেকে দুই হাজার বস্তা এবং শাহজালাল ট্রেডার্স থেকে দেড় হাজার বস্তা চিনি উদ্ধার করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান বলেন, উদ্ধার করা সাড়ে তিন হাজার বস্তা চিনি ২৪ ঘণ্টার মধ্যে খোলা বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে দু'টি প্রতিষ্ঠানের মালিককে। অন্যথায় সব চিনি জেলা প্রশাসনের উদ্যোগে খোলা বাজারে বিক্রি করা হবে বলে জানান তিনি।
বাজার অস্থিতিশীল হতে পারে ধারণা করে উদ্ধার করা চিনি বাজেয়াপ্ত করা হয়নি বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১২৪ ঘ.
bdnews24