সাভার, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবীনগর-কালিয়াকৈর সড়কে সাভারের আশুলিয়া থানার সামনে বুধবার রাতে ট্রাক চাপায় পুলিশের এক কনস্টেবল নিহত এবং তিনজন আহত হয়েছেন।
এরা সবাই আশুলিয়া পুলিশ ফাঁড়িতে কর্মরত।
নিহত সাইফুল ইসলাম (৩৫) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মরিচার চর এলাকার উমেদ আলীর ছেলে।
আহত হাবিলদার শাহজাহান (২৫) এবং কনস্টেবল ফরিদ (২৫) ও শহিদুলকে (২৫) সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক রুহুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ চারজন ডিউটিতে যাওয়ার আগে রাত ১০টার দিকে আশুলিয়া থানায় অস্ত্র নিতে আসেন। অস্ত্র নিয়ে একটি লেগুনাযোগে থানা থেকে বের হওয়ার পরপরই ঢাকাগামী একটি মালবাহী ট্রাক লেগুনাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সাইফুল নিহত হন।
পুলিশ ট্রাকটি আটক করেছে। চালক পলাতক।
তিনি বলেন, রাতে লাশ রাজারবাগ পুলিশ লইনে নেওয়া হবে। বৃহস্পতিবার সকালে গ্রামের বাড়িতে পাঠানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৫ ঘ.
bdnews24