চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--চন্দনাইশ উপজেলার জাফরাবাদ গ্রামে ডাকাতের ছোঁড়া গুলিতে ১৩ গ্রামবাসী আহত হয়েছে।
এ সময় পুলিশের সঙ্গেও ডাকাতদের গুলি-বিনিময় হয়।
মঙ্গলবার গভীর রাত আড়াইটার দিকে জাফরাবাদের আবদুর রশিদের বাড়িতে ডাকাতি শেষে পালানোর সময় স্থানীয় জনতা ও টহল পুলিশের একটি দল তাদের প্রতিরোধ করার চেষ্টা করে।
ওই সময় ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে পালিয়ে যায়।
আহতদের মধ্যে আবু তাহের, জেবর মুল্লুক, নুরুল ইসলাম ও আমিনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য নয়জন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আবদুর রশিদের বাড়িতে ২০ থেকে ২৫ জন ডাকাত হানা দিয়ে নগদ ৪০ হাজার টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার লুট করে।"
তিনি জানান, টহল পুলিশের একটি দল তাদের প্রতিরোধ করার চেষ্টা করে।
এ সময় পুলিশ ডাকাতদের ধরতে পাঁচ রাউন্ড গুলি ছুঁড়ে বলেও তিনি জানান। তবে ডাকাতদের কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এ ঘটনায় চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএইচ/২৩৪৯ ঘ.
bdnews24