সাভার, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন ও ঈদ বোনাসের দাবিতে মঙ্গলবার দুপুরে সাভারের একটি সুয়েটার কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকরা দুই কর্মকর্তাকে লাঞ্ছিত করেছে। পরে কর্তৃপক্ষের বেতন ও বোনাস দেওয়ার আশ্বাসে তারা শান্ত হয়।
জেএল সুয়েটারস লিমিটেড নামের এই তৈরি পোশাক কারখানায় প্রায় ১৮ শ' শ্রমিক কাজ করে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আরিফুল ইসলাম জানান, বেলা সাড়ে ১২টার দিকে শ্রমিকরা ফ্লোর ইনচার্জ শহিদুল ইসলাম ও নজরুল ইসলামের কাছে বেতন ও ঈদ বোনাস দাবি করলে তারা ঈদের ছুটি দেওয়ার আগে বেতন ও ঈদ বোনাস দেওয়া হবে বলে জানান। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওই দুই কর্মকর্তাকে লাঞ্ছিত করে।
তিনি বলেন, বুধবার তাদের চলতি মাসের ১৫ দিনের বেতন ও ঈদ বোনাস পরিশোধের আশ্বাস দিলে তারা শান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩০ ঘ.
bdnews24