২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হালিমেও হলো না......

সংসদে বিরোধী দলের অনুপস্থিতির জন্য রসিকতাচ্ছলে স্পিকার আবদুল হামিদকে ব্যর্থতাকে দায়ী করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এর পাল্টা জবাবে স্পিকার বলেছেন, তিনি এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2009, 11:58 AM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে বিরোধী দলের অনুপস্থিতির জন্য রসিকতাচ্ছলে স্পিকার আবদুল হামিদকে ব্যর্থতাকে দায়ী করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এর পাল্টা জবাবে স্পিকার বলেছেন, তিনি এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেনাকুঞ্জের ইফতার পার্টির কথা তুলে ধরে মঙ্গলবার হাসিনা সংসদে স্পিকারের উদ্দেশে বলেন, " "আপনি নাকি তাকে (বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া) হালিম মাখিয়ে দিয়েছিলেন। তারপরও ব্যর্থ হয়েছেন।" গত বৃহস্পতিবার সেনাকুঞ্জে ইফতার পার্টিতে শেখ হাসিনা, খালেদা জিয়া, আবদুল হামিদ তিনজনই ছিলেন। সংসদ নেতা হাসিনা সেদিন সরাসরি বিরোধীদলীয় নেতা খালেদাকে সংসদে ফেরার আহ্বান জানান। প্রধান বিরোধী দল বিএনপি প্রথম অধিবেশন থেকেই সংসদ বর্জন করে আসছে। প্রধানমন্ত্রী বলেন, "আমি বলেছিলাম, যদি কোনও সমস্যা থাকে তাহলে স্পিকারের সঙ্গে আলোচনা করে সমাধান করে নিন। সে কারণে স্পিকারের পাশে তাকে সিট দিয়েছিলাম।" জবাবে স্পিকার বলেন, "আমি ব্যর্থ হয়েছি এটা এখনও স্বীকার করতে চাই না। আমার চেষ্টা এখনও অব্যাহত আছে।" এরপর প্রধানমন্ত্রী স্পিকারকে বলেন, "আপনি হালিম মুড়ির সাথে লেবু, কাঁচা মরিচ, ধনে পাতা এগুলো দিয়েছিলেন তো?" স্পিকার বলেন, "লেবু দিতে পারিনি। পাশে কী মশলা যেন ছিলো, সেগুলো দিয়েছি।" এর আগে হুইপ আব্দুস শহীদ বলেন, "আমি তো উনাকে (খালেদা জিয়া) হালিমের মধ্যে মুড়ি মিশিয়ে দিয়েছিলাম। তাও তো এলেন না।" সংসদে সামনের সারিতে আসন বণ্টন নিয়ে ক্ষোভ থেকেই সংসদে যাচ্ছে না বিএনপি। তারা বলছে, প্রথা অনুযায়ী তাদের উল্লেখযোগ্য সংখ্যক আসন দেওয়া হয়নি। তবে প্রধানমন্ত্রী এ অভিযোগ নাকচ করে বলেন, "সিট নিয়ে তাদের (বিএনপি) নিজেদের মধ্যেই সমস্যা আছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৮১৮ ঘ.