ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যে কোন সময় রংপুর বিভাগের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের।
সোমবার রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা'র (আরডিজেএডি) প্রথম সাধারণ সভা ও ইফতার মাহফিলে তিনি বলেন, "রংপুর বিভাগ মন্ত্রিসভায় নীতিগতভাবে অনুমোদন হয়েছে। বর্তমানে এর অবকাঠামোগত উন্নয়নের কাজ চলছে। যে কোন সময় রংপুর বিভাগের কার্যক্রম শুরু হবে। যে কোন সরকার এর কাজ করতে বাধ্য থাকবে।"
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংগঠনের আহবায়ক মুফদি আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, "আমরা ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। জনগণ আমাদের উন্নয়নমূলক কাজ করার জন্য ভোট দিয়েছে। যারা নির্বাচিত হয়েছেন, ভবিষ্যতেও ভোট পাওয়ার জন্য তারা কাজ করবেন।
"যারা নির্বাচিত হননি, বিরোধীদলে রয়েছেন, তারাও ভবিষ্যতে ভোট পাওয়ার জন্য কাজ করবে। আমরাও তাই করছি।
মন্ত্রী বলেন, "আমরা একতাবদ্ধভাবে কাজ করে রংপুর বিভাগকে উন্নত করে গোটা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। একজন রংপুরবাসী হিসেবে সব সময় সহযোগিতা দিয়ে যাবো। এজন্য সকলকে একযোগে কাজ করতে হবে।"
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক রফিকুল হক দাদু ভাই, সফিকুল করিম সাবু, আব্দুল হাই শিকদার, রেজানুর রহমান, সিরাজুল ইসলাম, জাকারিয়া মুক্তা, কেরামতউল্লাহ বিপ্লব, মশিউর রহমান, মহসীনুল করিম লেবু, মিথুন কামাল ও রংপুর বিভাগ উন্নয়ন পরিষদের আহ্বায়ক নজরুল ইসলাম।
সভায় সমিতির গঠনতন্ত্র অনুমোদন এবং ছয় সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে রফিকুল হক দাদু ভাইকে প্রধান নির্বাচন কমিশনার এবং আব্দুল হাই শিকদার, জাকারিয়া মুক্তা, আযম মীর শাহিদুল আহসান, শামসুল হক বসুনিয়া ও মোদাব্বের হোসেনকে নির্বাচন কমিশনার মনোনীত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএইচ/২১৫৬ ঘ.
bdnews24