ফেনী, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেনীর রামপুর এলাকায় রোববার রাতে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক এর একজন কর্মকর্তাকে গুলি করে তিন লাখ টাকা এবং চার লাখ টাকার কার্ড ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
হাতে গুলিবিদ্ধ আব্দুল শুক্কুরকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বাংলালিংক'র ফেনী অফিসের ক্যাশিয়ার আবদুল শুক্কুর রোববার রাত ৯টার দিকে সিএনজিচালিত অটোরিকশা করে এসএসকে রোডের সমবায় মার্কেটের অফিস থেকে বাসায় ফিরছিলেন। রামপুর গার্লস্ স্কুলের পাশে একদল ছিনতাইকারী অটোরিকশার গতিরোধ করে। তারা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। ছিনতাইকারীরা তার হাতে গুলি করে টাকা ও ফোনের স্ক্র্যাচ কার্ড ছিনিয়ে নিয়ে যায়।
ওসি জানান, এলাকার লোকজন অটোরিকশা চালক ইকবাল হোসেন রুবেল ও গাড়িটি আটক করে থানায় দিয়েছে। সোমবার বিকেল পর্যন্ত মামলা হয়নি বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৪ ঘ.
bdnews24