ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওমরাহ পালন করেছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার তিনি তার সফরসঙ্গীদের নিয়ে মক্কায় উমরাহ পালনের বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
সৌদি আরবে বিএনপির এক নেতার বরাত দিয়ে দলের মিডিয়া উইংয়ের কর্মকর্তা সায়রুল কবীর খান রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পবিত্র ওমরাহ পালন করেছেন। রোববার তার মদিনা মনওয়ারায় হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করা কথা রয়েছে।"
খালেদা জিয়ার সফরসঙ্গীদের মধ্যে আছেন, তার ছোট ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা, ছেলে আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, তাদের দুই মেয়ে জাসিয়া রহমান ও জাহিয়া রহমান, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শমসের মবিন চৌধুরী, প্রেস সচিব মারুফ কামাল খান, ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুব আল আমিন ডিউ প্রমুখ।
গত শুক্রবার মধ্য রাতে ঢাকা থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে খালেদা জিয়া জেদ্দা পৌঁছান।
২০০৭ সালে দেশে জরুরি অবস্থায় গ্রেপ্তার ও কারামুক্তির পর এটাই খালেদা জিয়ার প্রথম বিদেশ সফর। সর্বশেষ ২০০৬ সালে তিনি ওমরাহ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২২৫ ঘ.
bdnews24