নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা মামলায় শনিবার স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা শাহাদাত উল্লাহ জুয়েল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এছাড়া হরকাতুল জিহাদ আল ইসলামী (হুজি) নেতা মুফতি আব্দুল হান্নানকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করতে পাঁচদিনের জন্য হেফাজতে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র বিচার বিভাগীয় হাকিম আশরাফুজ্জামান জিলানীর আদালত হুজি নেতা মুফতি আব্দুল হান্নান ও স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত উল্লাহ জুয়েলকে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি নারায়ণগঞ্জ ক্যাম্প অফিসের ইনর্চাজ সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট ইউসুফ আলী মোল্লা আবারও জিজ্ঞাসাবাদের জন্য মুফতি হান্নানকে সাতদিন সিআইডি হেফাজতে নেওয়ার আবেদন জানান। আদালত পাঁচদিনের অনুমতি দেয়।
অপরদিকে শাহাদাত উল্লাহ জুয়েল ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে লিখিত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন হাকিম আশরাফুজ্জামান জিলানী।
মুফতি হান্নান ফের জিজ্ঞাসাবাদ করার আবেদনের শুনানিতে অংশ নেন আদালত উপ-পরিদর্শক আব্দুস সালাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আনিসুর রহমান দীপু, মামলার বাদী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা প্রমুখ।
তারা বলেন, এটি পরিকল্পিত নৃশংস হত্যাকাণ্ড। মুফতি হান্নানকে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার সঙ্গে কারা জড়িত তা জানা যাবে।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি নারায়ণগঞ্জ ক্যাম্পের ইনচার্জ ইউসুফ আলী মোল্লা জানান, শাহাদাত উল্লাহ জুয়েল নিজেই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জুয়েল জবানবন্দি দেওয়ায় মামলার তদন্ত কাজ সহজ হলো।
শনিবার কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মুফতি হান্নানকে নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয়। এসময় আদালতপাড়ার বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
২০০১ সালের ১৬ জুন চাষাড়া আওয়ামী লীগ অফিসে বর্বরোচিত বোমা হামলায় ২০ জন নিহত ও শতাধিক আহত হয়। হতাহতদের অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী।
ঘটনার পরপরই শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বাদী হয়ে জেলা বিএনপির আহবায়ক তৈমুর আলম খন্দকারসহ বিএনপির ২৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। মামলায় জড়িত কাউকে চিহ্নিত করতে না পেরে তদন্তক কর্মকর্তা সিআইডি'র সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট আমিনুল ইসলাম ২০০২ সালের জুনে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দেন।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সিআইডি নারায়ণগঞ্জ ক্যাম্প অফিসের ইনর্চাজ সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট ইউসুফ আলী মোল্লার আবেদেনের পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি পুনর্তদন্তের নির্দেশ দেয়।
শাহাদাত উল্লাহ জুয়েল জোট সরকারের আমলে 'ক্রসফায়ারে' নিহত দুর্ধর্ষ সন্ত্রাসী, যুবদল নেতা মমিন উল্লাহ ডেভিডের ছোট ভাই। তিনি ঢাকায় ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৩ ঘ.
bdnews24