২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান তেল-গ্যাস রক্ষা কমিটির

ঢাকা মহানগরীতে সোমবারের অর্ধদিবস হরতালে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। শনিবার কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহ্মাদ শহীদুল্লাহ ও সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2009, 02:01 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঢাকা মহানগরীতে সোমবারের অর্ধদিবস হরতালে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। শনিবার কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহ্মাদ শহীদুল্লাহ ও সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান। এতে বলা হয়, "আমরা যে কারণে হরতাল আহ্বান করতে বাধ্য হয়েছি, তা বাংলাদেশের সকল মানুষের বর্তমান ও ভবিষ্যৎ রক্ষার আন্দোলনের অংশ। অতীতে অন্যান্য হরতালের সঙ্গে এ হরতালের তুলনা করা অসঙ্গত। আমাদের এ হরতাল নির্ভর করছে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের ওপর।" গত ১০ সেপ্টেম্বর ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে রাজধানীতে প্রথমবারের মতো হরতাল ডাকে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। সোমবার রাজধানী ঢাকায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচির ডাক দেওয়া হয়। তেল-গ্যাস অনুসন্ধানে সাগরের তিনটি ব্লক বিদেশি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল এবং কমিটির পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়। এর আগে গত ২ সেপ্টেম্বর পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচিতে পুলিশের হামলায় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদসহ কমপক্ষে ২৩ জন আহত হয়। ওইদিনই সরকারকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয় কমিটি। এরপর আনু মুহাম্মদের আহত হওয়ার ঘটনাকে দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় তখন জানায়, পুলিশের বাড়াবাড়ির কারণে ঘটনাটি ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তেল-গ্যাস রক্ষা কমিটি কমিটি বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তৈরি 'মডেল পিএসসি ২০০৮' বাতিলের দাবি জানিয়ে বলছে, অনির্বাচিত সরকারের আমলে প্রণীত জনস্বার্থবিরোধী মডেলের ভিত্তিতে দরপত্র অনুযায়ী ৮০ ভাগ রপ্তানির সুযোগ রেখে বর্তমান সরকার সমুদ্রবক্ষের তিনটি ব্লক বহুজাতিক কোম্পানি কনোকো ফিলিপস ও তাল্লোকে দেওয়ার সিদ্ধান্ত নেয় । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএইচ/১৯৪৭ ঘ.