ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে গণতন্ত্রী পার্টি।
শনিবার মাহমুদুর রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত দলের সভাপতিমন্ডলীর এক সভায় এ আহবান জানিয়ে বলা হয়, "জনগণ পবিত্র রমজানের শেষ ভাগে ও ঈদের আগে আহুত হরতাল পছন্দ করছে না।
"দ্বিতীয়ত, বিএনপিও এ হরতাল পরিপূর্ণ সমর্থন দেওয়ায় রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তিত হয়েছে।"
গণতন্ত্রী পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সভায় বলা হয়, "এ অবস্থায় গণতন্ত্রী পার্টি মনে করে, সোমবারের আহুত হরতাল প্রত্যাহার করা প্রয়োজন।"
হরতাল প্রত্যাহারের জন্য তেল- গ্যাস রক্ষা কমিটির প্রতি অনুরোধও জানিয়েছে দলটি।
দলের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় দলের সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ, রেজাউল করিম লেবু ও উপদেষ্টামন্ডলীর চেয়ারম্যান আজিজুল ইসলাম খান প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২০১৯
bdnews24