২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ন্যাশনাল ব্যংকে লুট: ব্যবহৃত মাইক্রোবাসসহ আরও দুজন আটক

নাটোরের ন্যাশনাল ব্যাংক থেকে এক কোটি ৬২ লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত মাইক্রোবাস এবং আরও দুজনকে আটক করা হয়েছে। গোয়েন্দা পুলিশ শুক্রবার নাটোর শহরের বড়গাছা মহল্লার একটি বাড়ি থেকে মাইক্রোবাসটি আটক করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2009, 01:41 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

নাটোর, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের ন্যাশনাল ব্যাংক থেকে এক কোটি ৬২ লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত মাইক্রোবাস এবং আরও দুজনকে আটক করা হয়েছে। গোয়েন্দা পুলিশ শুক্রবার নাটোর শহরের বড়গাছা মহল্লার একটি বাড়ি থেকে মাইক্রোবাসটি আটক করে। রোববার রাতে নাটোরের ন্যাশনাল ব্যাংকের এক কোটি ৬২ লাখ টাকা লুট হয়। দুর্বৃত্তরা ব্যাংকের ২০টি তালা খোলে এই টাকা নিয়ে গেছে। কোন কিছু না ভেঙে নৈশপ্রহরীর উপস্থিতিতে শহরের প্রাণকেন্দ্রে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ব্যাংকের তিন কর্মকর্তা, দুই প্রহরী এবং এক প্রহরীর বড়ভাইকে গ্রেপ্তার করেছে। ব্যাংকের এই তিন কর্মকর্তাসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করতে তিনদিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়ছে। প্রহরী জুলফিকার আলী লুটের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। নাটোর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তারা জানান, টাকা লুটের সঙ্গে জড়িত পেশাদার সন্ত্রাসী জাহিদের মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে টাকা স্থানান্তরের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি (ঢাকা-মেট্রো-গ-১২-৭৪৩৬) আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে শহরের বড়গাছা মহল্লার আকরাম হোসেনের বাড়ি থেকে মাইক্রোবাসটি আটক করা হয়। দুর্বৃত্তরা ব্যাংকের পাশের দোকানি হারুনের মাধ্যমে মাইক্রোবাসটি ভাড়া করেছিল। তদন্তের স্বার্থে হারুন ও মাইক্রোবাসচালক আকরাম হোসেনকে পুলিশ আটক করেছে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির সমন্বয়কারী অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মোজাম্মেল হোসেন মাইক্রোবাস আটকের কথা স্বীকার করে সাংবাদিকদের বলেন, দুর্বৃত্তরা মাইক্রোবাসে করে এক বস্তা টাকা নিয়ে পাবনা জেলার কাশিনাথপুর মোড়ে যায়। সেখানে টাকা নামিয়ে নিয়ে প্রধান সড়ক থেকে মাইক্রোবাসটি ছেড়ে দেয়। তাই টাকাগুলির অবস্থান নির্নয় করা সম্ভব হচ্ছে না। তবে টাকা উদ্ধারের জোর চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৪ ঘ.