২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাচোলে জনতা ব্যাংকের গ্রাহকদের অর্থ আত্মসাতের প্রমাণ মিলেছে

চাঁপাইনবাবগঞ্জের নাচোল শাখা জনতা ব্যাংকের সাবেক ক্যাশিয়ার লুৎফর রহমানের বিরুদ্ধে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। কমিটি বুধবার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2009, 04:28 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের নাচোল শাখা জনতা ব্যাংকের সাবেক ক্যাশিয়ার লুৎফর রহমানের বিরুদ্ধে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। কমিটি বুধবার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। ক্যাশিয়ার হিসেবে কর্মরত অবস্থায় লুৎফর রহমান গ্রাহকদের ২৮ লাখ ৯৩ হাজার ৫'শ টাকা আত্মসাত করে পলাতক রয়েছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নাচোল জনতা ব্যাংক শাখায় কর্মরত অবস্থায় ক্যাশিয়ার লুৎফর রহমান এ বছরের ১৪ জুলাই অবসর নেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, লুৎফর রহমান গ্রাহকদের কাছ থেকে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে আরও ৬০-৭০ লাখ টাকা আত্মসাত করেন। নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির একজন সদস্য জানান, চাঁপাইনবাবগঞ্জ জনতা ব্যাংক আঞ্চলিক শাখার সহকারী মহাব্যবস্থাপকের (এজিএম) কাছে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে বলা হয়, ১৯ জন গ্রাহকের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি ব্যাংকের নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা করে ১৭ জন গ্রাহকের ২৮ লাখ ৯৩ হাজার ৫'শ টাকা আত্মসাতের সত্যতা পায়। নাচোল জনতা ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ ইসাহাক জানান, গত ২৪ আগস্ট সকালে কয়েকজন গ্রাহক তাদের জমাকৃত টাকা ব্যাংক থেকে উত্তোলন করতে আসেন। এ সময় তাদের দেওয়া চেকের বিপরীতে এ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা না থাকায় বিষয়টি ধরা পড়ে। এর পরিপ্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ জনতা ব্যাংক প্রধান শাখার ব্যবস্থাপক মইনুল হাবিবকে আহবায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়। লুৎফর ২০০৭ সালে মার্চ থেকে চলতি বছরের ১৪ জুলাই এলপিআর-এ যাওয়ার আগ পর্যন্ত ব্যাংক গ্রাহকদের এসব টাকা আত্মসাত করেন বলে ব্যবস্থাপক মোহাম্মদ ইসহাক জানান। এ ঘটনায় তিনি ২৬ আগস্ট লুৎফর রহমানের বিরুদ্ধে নাচোল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। চাঁপাইনবাবগঞ্জ জনতা ব্যাংক আঞ্চলিক শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শহিদুল ইসলাম জানান, তিন সদস্যের স্থানীয় তদন্ত কমিটি আংশিক প্রতিবেদন জমা দিয়েছে। জনতা ব্যাংক ঢাকা প্রধান কার্যালয়ের দুই সদস্যের উচ্চ পর্যায়ের অপর একটি দল ৩০ আগস্ট থেকে পৃথকভাবে তদন্ত করছে। ওই কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর লুৎফর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, ক্যাশিয়ার লুৎফর ব্যাংকের বাইরে যেসব মানুষের অর্থ আত্মসাত করেছেন, তার দায়-দায়িত্ব ব্যাংক বহন করবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৫ ঘ.