ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক তামান্না হক মনিরার লাশ পুনঃময়নাতদন্তের আবেদনে মামলার তদন্ত কর্মকর্তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম একে এম এনামুল হক তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার উপ পরিদর্শক আবদুর রহমানকে এ নির্দেশ দেন।
মামলার বাদির আইনজীবী সৈয়দ মো. জয়নাল আবেদীন মেসবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
গত ২৯ আগস্ট উত্তর যাত্রাবাড়ির বিবির বাগিচায় শ্বশুরবাড়িতে ঝুলন্ত অবস্থায় তামান্নার লাশ উদ্ধার করে পুলিশ।
তামান্নার পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে তামান্নাকে হত্যা করে আত্মহত্যা বলে সাজানো হচ্ছে।
ঘটনার দিনই হত্যার অভিযোগে তামান্নান স্বামী ডা. ফকরুল ইসলাম, শাশুড়ি সেলিনা বেগম ও শ্বশুর ফরহাদ উদ্দিনকে আসামি করে যাত্রাবাড়ি থানায় মামলা হয়। মামলার বাদী হন তামান্নার ভাই মো. আহসান উল মনির।
ফকরুল ইসলাম পলাতক, ফরহাদ উদ্দিন জামিনে এবং সেলিনা বেগম কারাগারে রয়েছেন।
গত বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তামান্নার মরদেহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া অন্য যে কোনও হাসপাতালের চিকিৎসকদের নিয়ে বোর্ড গঠন করে পুনঃময়না তদন্তের আবেদন করেন আহসান উল মনির।
আবেদনে বলা হয়, যৌতুকের দাবিতে মারধর করে তামান্নাকে হত্যা করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদনে মৃতের গলায়, হাতের মুঠোতে আঘাতের কালো দাগ ছিল বলে উল্লেখ রয়েছে। অথচ ময়না তদন্ত প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যার কথা উল্লেখ করা হয়।
এদিকে, মঙ্গলবার ঢাকার ১ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. এহসানুল হক এ মামলার অভিযুক্ত সেলিনা হোসেনের জামিন আবেদন নাকচ করেছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো তার জামিন আবেদন নাকচ করা হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এমআই/১১১১ ঘ.
bdnews24