মানিকগঞ্জ, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রবল বাতাস এবং পদ্মা ও যুমনা নদীতে উত্তাল ঢেউয়ের কারণে মঙ্গলবার রাত ৯টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।
একই কারণে সন্ধ্যা সাতটা থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি'র আরিচা অফিসের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুৎ কুমার সাহা।
আবহাওয়া ভাল হওয়া সাপেক্ষে ফেরি ও লঞ্চ চলাচল আবার শুরু হবে বলে তিনি জানান।
বিদ্যুৎ কুমার জানান, ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। উভয় ঘাটে পারাপারের জন্য প্রায় আটশ' বিভিন্ন ধরনের গাড়ি অপেক্ষায় আছে বলে তিনি জানান।
আগাম সতর্কতামূলক ব্যবস্থা না নেওয়ায় যাত্রীরা ঘাটে গিয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন বলে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মানিকগঞ্জ প্রতিনিধি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৭ ঘ.
bdnews24