চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর একটি বাড়ি থেকে পুলিশ বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
আটক ব্যক্তির নাম হাবীব উল্লাহ (২৬)। দীর্ঘদিন ধরে তিনি ডবলমুরিং থানার সিডিএ আবাসিক এলাকার ওই বাড়িটিতে ভিওআইপি ব্যবসা করছেন বলে জানিয়েছে পুলিশ।
ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) খালেদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১ টার দিকে সিডিএ আবাসিক এলাকার ২২/২৩ নম্বর বাড়ি থেকে হাবীব উল্লাহকে সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়।
এসআই খালেদ হোসেন জানান, বাড়ির মালিক কুয়েত প্রবাসী মো. বেলাল ও হাবীব উল্লাহ উভয়ের বাড়ি ফটিকছড়িতে। গ্রেপ্তারকৃত হাবিব উল্লাহর সঙ্গে বাড়ির মালিকের কোন যোগসাজশ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের উদ্ধার করা সরঞ্জামগুলো হল-৫ টি সার্কিট, ৫ টি কুইন্টাম, ১ টি চ্যানেল বক্স, ৮০ টি টেলুলার, কম্পিউটার ও বিপুল পরিমাণ তার। এসবের আনুমানিক দাম প্রায় ৫০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই খালেদ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এসকে/২১৩৩ঘ.
bdnews24