নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ শহরের ব্যস্ততম বাণিজিক এলাকা নিতাইগঞ্জে রাস্তা দখল করে অবৈধভাবে গড়ে তোলা ট্রাকস্ট্যান্ড অপসারণে জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসন, পুলিশ, নারায়ণগঞ্জ পৌরসভা, ব্যবসায়ী সমিতি ও ট্রাক মালিক সমিতির প্রতিনিধিদের সমন্বয়ে এ বিষয়ে বৈঠক হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, নিতাইগঞ্জে চেকপোষ্ট বসানো হবে। শৃঙ্খলা রক্ষায় ১৮ জন কমিউনিটি পুলিশ নিয়োগ করা হবে। মাল উঠানামার জন্য একটি ট্রাক তিন ঘণ্টা সময় পাবে। তিন ঘণ্টার বেশি অবস্থান করলে ব্যবস্থা নেওয়া হবে।
একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও পৌরসভা, ব্যবসায়ী প্রতিনিধি সমন্বয়ে গঠিত একটি দল আগামী পাঁচদিন এ ব্যবস্থা তদারক করবে। দলটি সমস্যা চিহ্নিত করলে তা সমাধানে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক সামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিন্ল্লুাহ নূরী, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্ট্রি'র পরিচালক আব্দুল কাদির, নারায়ণগঞ্জ পৌরসভার কাউন্সিলার কামরুল হাসান মুন্না, নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি ওয়াজেদ আলী বাবুল, নারায়ণগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মতিউল্লাহ মিন্টু, সাধারণ সম্পাদক শফিউদ্দিন প্রধান প্রমুখ।
তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেনাবাহিনীর সহযোগিতায় ট্রাকস্ট্যান্ডটি উচ্ছেদ করা হয়। পৌরসভা ফতুল্লার পঞ্চবটিতে ট্রাক টার্মিনাল নির্মাণ করে। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আবার ট্রাকস্ট্যান্ড গড়ে তোলার পায়তারা শুরু হয়। রাস্তা বন্ধ করে এলোপাথাড়ি রাখা হয় ট্রাক।
জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উত্থাপিত হলে আলোচনার মাধ্যমে সমস্যাটি সমাধানের সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে ট্রাকস্ট্যান্ডটি অপসারণের উদ্যোগ নেয় জেলা প্রশাসন।
নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভি জানান, পৌরসভার নির্ধারিত জায়গাতেই ট্রাকের মাল উঠানামা করতে হবে। রাস্তার উপর ট্রাক রেখে মাল উঠানো নামানো বন্ধ করতে হবে।
জেলা প্রশাসক সামছুর রহমান জানান, কোন ক্রমেই রাস্তা বন্ধ করে ট্রাক রাখা যাবে না। এ ব্যাপারে গৃহীত সিদ্ধান্তগুলো কেউ অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৩ ঘ.
bdnews24