ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বড় ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে জিয়া অরফানেজ (এতিমখানা) ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ আমলে নিয়ে আদালত অভিযোগপত্রটি গ্রহণ করেছেন।
একই সঙ্গে এ মামলায় অভিযোগ গঠন করা যায় কি যায় না সে বিষয়ে শুনানির জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করেছে আদালত।
সোমবার দুপুর দুইটায় ঢাকা মহানগর বিশেষ জজ এএনএম বশিরউল্লাহ এ আদেশ দেন।
এ মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উপস্থিত ছিলেন। তবে দেশের বাইরে থাকায় তারেক রহমান আদালতে যান নি।
এ দিন আদালত মামলার পলাতক দুই আসামি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
তাদের গ্রেপ্তার করা গেল কিনা সে সম্পর্কে অভিযোগ গঠনের শুনানির দিনই প্রতিবেদন দাখিল করারও নির্দেশ দেওয়া হয়েছে।
দুপুর দেড়টায় মামলার শুনানি শুরু হলে খালেদার পক্ষের আইনজীবীরা মামলাটি চলতে পারে না বলে মত দেওয়ার পাশাপাশি এটিকে রাজনৈতিক হয়রানির মামলা দাবি করে বলেন, অভিযোগপত্র দাখিলের জন্য সঠিক পদ্ধতি মানা হয় নি।
খালেদার পক্ষে ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, খোন্দকার দেলোয়ার হোসেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান ও অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, সানাউল্লাহ মিয়া অংশ নেন।
সরকার পক্ষে শুনানিতে অংশ নেন রাষ্ট্রপক্ষের আইনজীবী দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল।
এর আগে দুপুর ১টা ২৫ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির হন খালেদা। তার সঙ্গে দলের সিনিয়র নেতা সহ বিপুলসংখ্যক নেতা-কর্মী আদালত প্রাঙ্গণে যান।
এতে আদালত পাড়ার সামনের এলাকাসহ পুরান ঢাকায় তীব্র যানজট তৈরি হয়।
আদালতের নির্দেশ অনুযায়ী খালেদার হাজিরার সময় সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। দুদকের বিশেষ পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খালেদা জিয়ার নিরাপত্তার জন্য পুলিশের চারশ' চারজন সদস্য দায়িত্বে ছিলেন।
শুনানিতে খালেদার আইনজীবীরা অভিযোগ করেন, বর্তমান সরকার রাজনৈতিক হয়রানিমূলক অনেক মামলা প্রত্যাহার করলেও খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে দায়ের করা এ মামলাটি রাজনৈতিক প্রতিহিংসার কারণে টিকিয়ে রেখেছে।
স্যুট-টাই পরিহিত খোন্দকার দেলোয়ার বলেন, "মামলাটিতে অভিযোগপত্র দাখিলের ক্ষেত্রে সঠিক পদ্ধতি অবলম্বন করা হয়নি। এটা দাখিলের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়নি।"
তিনি আরও বলেন, "মামলায় অর্থ আত্মসাতের কোনো উপাদান নেই। বিদেশ থেকে জিয়া অরফানেজ (এতিমখানা) ট্রাস্টের নামে আনা টাকা আত্মসাৎ করা হয়নি। সে টাকা দিয়ে বগুড়াতে ওই ট্রাস্টের নামে জমি কেনা হয়েছে।"
রফিকুল ইসলাম মিয়া বলেন, "এ মামলাটি চূড়ান্তভাবেই একটি রাজনৈতিক হয়রানিমূলক মামলা। শেখ হাসিনা যেখানে রাজনৈতিক হয়রানির কারণে দায়ের করা মামলা প্রত্যাহারের সুযোগ পেয়েছেন সেখানে খালেদার ব্যাপারে বৈষম্য কেন?"
জমিরউদ্দিন সরকার এ মামলাটির বিচার চলতে পারে না মত দিয়ে বিভিন্ন আইনি ব্যাখ্যা উপস্থাপন করেন।
সানাউল্লাহ মিয়া বলেন, "এ মামলায় খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ ও মামলা আমলে নেওয়ার কোনো যৌক্তিক কারণ নেই।"
তিনি বলেন, "জিয়া পরিবারের বিরুদ্ধে ২০টি মামলাই রাজনৈতিক হয়রানির উদ্দেশে দায়ের করা হয়েছে। আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমতি দিলেও খালেদা জিয়া ও তার পরিবারের মামলা প্রত্যাহারের ক্ষেত্রে দ্বৈতনীতি অনুসরণ করছে।"
সানাউল্লাহ আরও বলেন, "২০০৭ সালের ৩ সেপ্টেম্বর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার খালেদাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। পরে তারা দু'বার তাকে দেশ থেকে তাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
"খালেদা ওই সরকারকে বলেছিলেন, আমি এদেশ থেকে কোথাও যাব না। এদেশ আমার। আমি এদেশের মানুষের সঙ্গে থাকব।"
এ বক্তব্যের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি মোশাররফ হোসেন কাজল বলেন, "মামলাটি আমলে নেওয়ার জন্য পর্যাপ্ত দালিলিক সাক্ষ্য-প্রমাণ রয়েছে। তারেক ও মমিনুরের নেতৃত্বে সৌদি আরব থেকে টাকা এনে জিয়া অরফানেজ ট্রাস্টের নামে আত্মসাৎ করেছেন অভিযুক্তরা।"
তিনি বলেন, "দুস্থ ও এতিমদের জন্য সৌদি সরকার মোট চার কোটি ৪৪ লাখ টাকা দিয়েছিল। তার মধ্যে দুই কোটি ১০ লাখ টাকা দিয়েছিল জিয়া অরফানেজ ট্রাস্টের ব্যবহারের জন্য। কিন্তু ওই টাকা এতিমদের জন্য ব্যবহার করা হয়নি।"
এ বক্তব্যের সঙ্গে সঙ্গে এজলাস কক্ষে থাকা খালেদা জিয়ার পক্ষের কয়েকশ' আইনজীবী চিৎকার ও হৈ-চৈ করে পাবলিক প্রসিকিউটরকে বক্তব্য প্রত্যাহার করতে ও থামতে বলেন।
এ সময় অভিযুক্তদের একজনের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার উচ্চৈস্বরে বিচারককে বলেন, "রাষ্ট্রপক্ষ মামলা সম্পর্কে ভুল তথ্য দিচ্ছে। মামলার কোনো কাগজে সৌদি আরবের অনুদানের কোনো প্রমাণ রাষ্ট্রপক্ষ দেখাতে পারে নি। ওই অনুদান দিয়েছিল কুয়েত সরকার।"
এ সময় কাজল বলেন, "আমি মামলার রেকর্ডের বাইরে কোনো বক্তব্য রাখছি না। আমি পর্যাপ্ত প্রমাণ আদালতের সামনে দাখিল করছি।"
কাজলের বক্তব্য শেষ না হতেই বিএনপি সমর্থিত আইনজীবীরা আবারও হৈ-চৈ শুরু করেন।
শুনানিকালে এজলাসে তিল ধারণের জায়গা ছিলনা। বিএনপি সমর্থিত আইনজীবীরা আসামির কাঠগড়ায় উঠে পড়েন এবং অনেকেই আইনজীবীদের বসার জায়গায় দাঁড়িয়ে যান।
একপর্যায়ে ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিচারকের এজলাসের পাশে অবস্থান নেন।
খালেদা জিয়া পৌঁছানোর সময় ও মামলার শুনানিকালে আদালত প্রাঙ্গণে বিএনপি-কর্মী ও দলের সমর্থিত আইনজীবীরা শ্লোগান দিয়ে এ মামলা প্রত্যাহারের দাবি জানায় ।
এর আগে গত ৩০ আগস্ট খালেদার আইনজীবীদের আবেদনে আদালত শুনানির তারিখ সোমবার নির্ধারণ করে। ওইদিন খালেদা জিয়ার হাজির হওয়ার ক্ষেত্রে নিরাপত্তার বন্দোবস্ত করার জন্য রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেওয়া হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এ মামলায় খালেদা, তার ছেলে তারেক রহমানসহ ছয়জন আসামি।
সোমবার খালেদা জিয়ার সঙ্গে জামিনে থাকা অপর অভিযুক্ত কাজী সালিমুল হক কামাল, শরফুদ্দীন আহমেদ আদালতে হাজির ছিলেন।
দুদকের সহকারী পরিচালক হারুণ অর রশীদ গত ৬ আগস্ট এ মামলার অভিযোগপত্র দাখিল করেন।
এ মামলায় রাষ্ট্রপক্ষে মোট ৩৬ জনকে সাক্ষী করা হয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৭ সালের ৩ জুলাই দুর্নীতি দমন কমিশন মামলাটি দায়ের করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এফএফ/এসএইচ/জিএনএ/১৮৩৪ ঘ.
bdnews24