২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় শুরু হলো 'পদ্মশ্রী' রঘু রাইয়ের আলোকচিত্র প্রদর্শনী

বেঙ্গল গ্যালারিতে সোমবার শুরু হলো ভারতের খ্যাতনামা ফটোগ্রাফার রঘু রাইয়ের সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। 'ইন্ডিয়া' শিরোনামের এ প্রদর্শনীতে বিভিন্ন সময়ে তোলা এমন ছবিগুলোই স্থান পেয়েছে যা সম্মিলিত বিষয় হিসেবে ভারতকে তুলে ধরে। দৃক পিকচার লাইব্রেরির ২০ বছর পূর্তি উদযাপন আয়োজনের অংশ হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2009, 03:20 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, ৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বেঙ্গল গ্যালারিতে সোমবার শুরু হলো ভারতের খ্যাতনামা ফটোগ্রাফার রঘু রাইয়ের সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। 'ইন্ডিয়া' শিরোনামের এ প্রদর্শনীতে বিভিন্ন সময়ে তোলা এমন ছবিগুলোই স্থান পেয়েছে যা সম্মিলিত বিষয় হিসেবে ভারতকে তুলে ধরে। দৃক পিকচার লাইব্রেরির ২০ বছর পূর্তি উদযাপন আয়োজনের অংশ হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় রঘু রাই বলেন, 'বিশ্বের অন্যান্য অংশে যেমনটা একক ধর্মের প্রাধান্য থাকে ভারতীয় উপমহাদেশ তেমন নয়। গোটা ইউরোপ খৃস্টান অধ্যুষিত; কিন্তু ভারতীয় উপমহাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃস্টান, ইহুদী ও শিখসহ নানান ধর্ম ও বিশ্বাসের মানুষের বসবাস। এর ফলে এখানে যেমন নানা ধরণের জীবন বৈচিত্র্য আছে তেমনি এক বিশ্বাসের সঙ্গে অন্য বিশ্বাসের সংঘাতও ঘটতে দেখি।' তিনি বিভিন্ন ধর্ম, বর্ণ, সমাজ ব্যবস্থা ও বিশ্বাসের মানুষের মধ্যে মৈত্রী ও সৌহার্দ্যকেই যেকোনো সমাজ ব্যবস্থার মূল ধর্ম হওয়া উচিত বলে মত প্রকাশ করেন। নবীন আলোকচিত্রীদের কিছু পরামর্শও দেন রঘু রাই। প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অধ্যাপক আনু মুহাম্মদ। সশরীরে উপস্থিত থেকে উদ্বোধন করার কথা থাকলেও কয়েকদিন আগে এক বিক্ষোভে পুলিশী অ্যাকশনে আহত হওয়ার কারণে তিনি নিজ বাসা থেকেই টেলি কনফারেন্সের মাধ্যমে এ আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় গ্যালারিতে উপস্থিত ছিলেন ফটোগ্রাফার রঘু রাই, দৃক গ্যালারির পরিচালক ড. শহীদুল আলম ও বেঙ্গল গ্যালারির পরিচালক লুভা নাহিদ চৌধুরী। রঘু রাই ভারতীয় উপমহাদেশের একমাত্র আলোকচিত্রী যিনি বিশ্বের শীর্ষস্থানীয় ও বনেদী ফটো এজেন্সি ম্যাগনামের সদস্য। পাশাপাশি তিনি ভারতের প্রথম আলোকচিত্রী যিনি সেদেশের সর্বোচ্চ বেসামরিক খেতাব 'পদ্মশ্রী' পদক পেয়েছেন। প্রদর্শনীটি ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচবি/এইচআর/এসকে/২১৩০ঘ.