২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ঈদের কেনাকাটা শুরু হয়েছে জোরেশোরে

নগরীতে ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে জোরেশোরে। চট্টগ্রামের ঈদবাজারে তরুণদের কাছে 'দুবাই' পাঞ্জাবি ও তরুণীদের কাছে 'মাসাককলি' নামের থ্রি পিসই বেশি পছন্দের বলে জানিয়েছেন বিক্রেতারা। ক্রেতাদের ভিড়ে সরগরম হয়ে উঠেছে নগরীর সবকটি বিপণীকেন্দ্র। অভিজাত বিপণীবিতান থেকে ফুটপাথ-সর্বত্র ভিড় লেগেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2009, 02:37 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

চট্টগ্রাম, ৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে জোরেশোরে। চট্টগ্রামের ঈদবাজারে তরুণদের কাছে 'দুবাই' পাঞ্জাবি ও তরুণীদের কাছে 'মাসাককলি' নামের থ্রি পিসই বেশি পছন্দের বলে জানিয়েছেন বিক্রেতারা। ক্রেতাদের ভিড়ে সরগরম হয়ে উঠেছে নগরীর সবকটি বিপণীকেন্দ্র। অভিজাত বিপণীবিতান থেকে ফুটপাথ-সর্বত্র ভিড় লেগেছে। দোকানিরা জানিয়েছেন, ঈদ ও দূর্গাপূজার উৎসব কাছাকাছি সময়ে হওয়ায় ক্রেতারা এবার আগে-ভাগে কেনাকাটা সারতে চাইছেন। বিপণীকেন্দ্রগুলোতে এখন মহিলাদের ভিড়ই বেশি লক্ষ্য করা যাচ্ছে। নগরীর ভিআইপি টাওয়ারের 'ঢং' এর স্বত্বাধিকারী মুস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " বৈচিত্র্যে এবারে প্রাধান্য পেয়েছে তরুণ-তরুণীদের পোশাক।" এবার নতুন ফ্যাশনের দুবাই পাঞ্জাবি, ফতুয়া, মাসাককলি, বৃন্দা, রেবো, আকসার, গজনি নামের বিভিন্ন বিদেশি ব্রান্ডের পোশাক রয়েছে । দেশি পোশাকের মধ্যে আছে সেনোরিটা, লিফকটন, মহাখালী, রুমালকাট, চেইন কোপ্পা প্রভৃতি নামের থ্রি পিস ও ফতুয়া । বাঙালী রমনীর ঐতিহ্য শাড়িতেও এসেছে নতুন সাজ। মিমি সুপার মার্কেটের 'সুন্দরী'র স্বত্বাধিকারী ফরহাদ উদ্দিন চৌধুরী জানান, শাড়িতে এবার ইতালিয়ান ক্রাপ, হাফ মসলিন, হাফ জর্জেট, বাহারি এক্সক্লুসিভ হাড্ডিপার, শিফন এগিয়ে রয়েছে। নিউ মার্কেটের দোতলার তৈরি পোশাকের দোকান আর কে ফ্যাশনের ম্যানেজার জিয়াউদ্দিন বললেন, "বেচাকেনা বেশ জমে উঠেছে। ক্রেতাদের ভিড়ে দম ফেলবার সময় নেই। প্রতিবারের মত এবারও নতুন ফ্যাশনের পোশাকই খুঁজছেন ক্রেতারা।" বিক্রেতারা জানান, দুবাই পাঞ্জাবি ২ থেকে ৪ হাজার টাকা, মাসককলি থ্রি পিস দেড় থেকে ২ হাজার টাকা এবং শাড়ি মানভেদে ৩ হাজার থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। নগরীর নিু ও মধ্য আয়ের সাধারণ মানুষের সবসময়ের আর্কষণ রিয়াজউদ্দিন বাজার। এ বাজার ঘুরে দেখা গেছে, প্রায় দোকানেই ক্রেতার ভিড়। এখানে দেড়শ' থেকে দেড় হাজার টাকা দামের শার্ট ও শিশুদের পোশাক, পাঁচশ' থেকে পাঁচ হাজার টাকা দামের থ্রি-পিস, আড়াইশ' থেকে ১৫ হাজার টাকা দামের শাড়িসহ বিভিন্ন দামের হাল ফ্যাশনের সব পণ্যই রয়েছে। জেলার চন্দনাইশ থেকে সপরিবারে রেয়াজুদ্দিন বাজারে আসা প্রাইমারি স্কুল শিক্ষক আবুল হাশেম বলেন, "প্রতিবছর ঈদে এ মার্কেট থেকে কেনাকাটা করি। সীমিত আয় দিয়ে বড় মার্কেটে গিয়ে কেনাকাটা সম্ভব নয়। কম টাকায় পরিবারের সকলের জন্য এখান থেকে বাজার করা যায়।" রেয়াজুদ্দিনবাজারের প্রগতি ক্লথ স্টোরের স্বত্বাধিকারী নুরুল ইসলাম ঈদের বিক্রিতে সন্তোষ প্রকাশ করে বলেন, "অন্য বারের চেয়ে এবার বিভিন্ন পণ্যের দাম একটু বেশি। তারপরও ক্রেতারা তাদের সাধ্যের মধ্যে কেনাকাটা করছেন।" তিনি জানান, যতই দিন গড়াবে ততই বিক্রি বাড়বে। অন্য কোন ঝামেলা না থাকলেও বিদ্যুতের ঘনঘন যাওয়া-আসা ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছে বিরক্তির উদ্রেক করছে বলে জানান নুরুল। নগরীর শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক শপিংমলগুলোর মধ্যে সানমার ওস্যান সিটি, আমীন সেন্টার, মিমি সুপার মার্কেট ও ইউনুসকো সেন্টারে তরুণ-তরুণী ও দম্পতিদের ভিড় বেশি। অন্যান্য মার্কেটের তুলনায় দাম একটু বেশি হলেও মার্কেটের শীতল আবহ, সুপরিসর লিফট ও পার্কিং সুবিধা এবং একদামে বিদেশী জিনিস কেনার জন্যই এ মার্কেটগুলোতে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণীর ক্রেতারা ভিড় জমাচ্ছেন। সানমার, আমীন সেন্টার, মিমি সুপার মার্কেটের বিক্রেতারা জানান, এবারে পণ্য বিক্রির হার গতবারের চেয়ে বেড়েছে। আমিন সেন্টারের শারমিন, ফ্যাশনওয়ে ও সানমার ওস্যানসিটির শৈল্পিক এর ব্যবস্থাপক ও বিক্রয় কর্মীরা জানান, রমজানের তিন-চারদিন আগে থেকেই তাদের দোকানে ঈদের বেচাকেনা শুরু হয়েছে এবং ক্রেতার ভিড়ে দিন দিন বিক্রিও বাড়ছে। তবে বরাবরের মত এবারও শীতাতপ নিয়ন্ত্রিত শপিং মলগুলোতে দাম বেশি বলে ক্রেতাদের অভিযোগ রয়েছে। খুলশী আবাসিক এলাকা থেকে আমিন সেন্টারে কেনাকাটা করতে আসা নুসরাত জাহান বললেন, "সবকিছুরই দাম একটু বেশি। এখনো সময় আছে, যাচাই-বাছাই করে পছন্দের জিনিসটিই কিনব।" ঈদের কেনাকাটায় সাধারন আয়ের লোকজন ভিড় জমাচ্ছেন টেরী বাজার ও হকার্স মার্কেটে। তৈরি প্যান্ট, শার্ট, টি শার্ট, বিছানার চাদর, ঘর সাজানের জিনিসপত্র অনেক কম দামে মিলে এ দু'টি মার্কেটে। এ মার্কেট থেকে ৫০ থেকে ১০০ টাকার মধ্যে শিশুদের পোশাক, ১০০ থেকে তিনশ' টাকায় তৈরি শার্ট, দুইশ থেকে ছয়শত টাকায় প্যান্ট কেনা যায়। নগরীর টেরী বাজার বিখ্যাত থানকাপড়, শাড়ি, পাঞ্জাবি, টুপি, লুঙ্গির জন্য। বিপুল সংখ্যক ক্রেতা সস্তায় এসব কাপড় কেনার জন্য এখন এ বাজারে আসছেন। রোজায় কাপড় কিনে পোশাক সেলাই যারা করেন তাদের ৮০ শতাংশ ক্রেতাই এ মার্কেট থেকে কাপড় কিনে নিয়ে যাচ্ছেন। তবে টেরী বাজারে শাড়ির দোকানসহ নতুন চালু হওয়া কিছু সুপার শপে সাধারণ মানুষের ভিড় এখন অবাক করার মতো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এফআই/এসএইচ/২০৪৫ ঘ.