চাঁদপুর, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দৈনিক যুগান্তরের উপ-সম্পাদক (বার্তা) আহমেদ ফারুক হাসানকে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার কাচিয়াপাড়ার পারিবারিক কবরস্থানে সোমবার বিকেলে দাফন করা হয়েছে।
রোববার রাতে পৌনে ১১টার দিকে তিনি দৈনিক যুগান্তর অফিসে বসে কাজ করার সময় হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে।
রাতে দৈনিক যুগান্তর কার্যালয়ে তার প্রথম জানাজা ও সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেলে তার মরদেহ ঢাকা থেকে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার কাচিয়াপাড়ায় আনা হয়। বিকেল ৪টায় স্থানীয় হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক সলিম উল্যাহ সেলিম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জহিরুল ইসলাম, সদর উপজেলা ম্ুিক্তযোদ্ধা সংসদের কমান্ডার হারুনুর রশিদ, জেলা জাতীয় পার্টির সভাপতি নুরুল হক বাচ্চু মিয়াজী, জেলা গণফোরামের সাধারণ সম্পাদক সেলিম আকবর, অধ্যাপক মজিবুর রহমান প্রমুখ।
বাদ আসর ফরিদগঞ্জ ওয়াপদা মাঠে সাংবাদিক আহমেদ ফারুকের সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
আহমেদ ফারুক হাসান কর্মজীবনে যুগান্তর ছাড়াও আজকের কাগজ, দৈনিক ভোরের কাগজ, সমকাল, বাংলাবাজার ও মানবজমিনে বার্তা সম্পাদকসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৯ ঘ.
bdnews24