ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানী এলাকায় রোববার ভোররাতে গুলিবিদ্ধ এক সন্দেহভাজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
তার নাম জলিল ওরফে বোমা জলিল। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি গুলির খোসাও উদ্ধার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন র্যাব-১ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক রায়হান আসগর খান।
তিনি বলেন, "ভোর সাড়ে ৪টার দিকে বনানীর কাকলী এলাকায় র্যাব-১ এর একটি দল সাদা পোশাকে মাইক্রোবাস নিয়ে টহল দেওয়ার সময় মোটরসাইকেল আরোহী দুই যুবক অস্ত্রের মুখে ছিনতাইয়ের চেষ্টা চালায়।
"এ সময় র্যাব সদস্যরা নিজেদের পরিচয় দিলে একজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। অপরজনকে ধাওয়া করলে সে তার পিস্তল দিয়ে র্যাব সদস্যদের গুলি করে। আত্মরক্ষার্থে র্যাব সদস্য এলএস তুহিনুল ইসলাম তাকে লক্ষ করে দু'রাউন্ড গুলি ছোঁড়েন। এতে জলিলের ডান ও বাঁ পায়ে গুলি লাগে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এজে/এইচএ/২১৩৩ ঘ.
bdnews24