ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার জিয়া অরফানেজ (এতিমখানা) ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে হাজির হবেন বলে জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া ।
রোববার বিকেলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সাবেক এ প্রধানমন্ত্রীর হাজিরার বিষয়টি নিশ্চিত করেন।
সানাউল্লাহ বলেন, "খালেদা জিয়াকে সোমবার আদালতে যাওয়ার জন্য যথাযথ নিরাপত্তা দিতে আদালতের নিদের্শ রয়েছে। আমরা আশা করি, তাকে এ নিরাপত্তা দেওয়া হবে এবং তিনি হাজির হবেন।"
ঢাকা মহানগর বিশেষ জজ এএনএম বশিরউল্লাহ'র আদালতে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানী হবে।
গত ৩০ ও ১২ আগস্ট এ মামলায় খালেদা জিয়ার হাজির হওয়ার জন্য আদালতের নির্ধারিত দিন থাকলেও নিরাপত্তার কথা বলে তিনি হাজির হননি।
৩০ আগস্ট আসামি পক্ষের আইনজীবীদের আবেদনে আদালত শুনানির তারিখ পিছিয়ে ৭ সেপ্টেম্বর সোমবার নির্ধারণ করেন।
এ শুনানিতে খালেদা জিয়া ছাড়াও অপর পাঁচ আসামিকে এ দিন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এতে খালেদার বড় ছেলে তারেক রহমানসহ ছয়জন আসামি। খালেদা ও তারেক দু'জনেই জামিনে রয়েছেন।
সানউল্লাহ আরও বলেন, "অসুস্থ তারেক রহমান লন্ডনে চিকিৎসাধীন থাকায় তিনি হাজির হতে পারবেন না। তার অনুপুস্থিতিতেই এ শুনানী হতে পারে বলে ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারায় আবেদন করা হবে।"
অন্য আসামীদের মধ্যে সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল ও শরফুদ্দীন আহমেদ জামিনে এবং জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী পলাতক রয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুণ অর রশীদ গত ৬ আগস্ট এ মামলার অভিযোগপত্র দাখিল করেন।
এতে রাষ্ট্রপক্ষে মোট ৩৬ জনকে সাক্ষী করা হয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ৩ জুলাই দুর্নীতি দমন কমিশন মামলাটি দায়ের করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএম/এসএইচ/২০০০ ঘ.
bdnews24