ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পলিটিক্যাল ও ইকোনমিক কাউন্সিলর জন ড্যানিলোইকজের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করেছে।
তথ্য অধিকার আইন, গণমাধ্যম, সন্ত্রাসবিরোধী প্রচারণাসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে তারা আলোচনা করেন।
বৃহস্পতিবার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
সাক্ষাতকালে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের গণমাধ্যম অবাধ ও স্বাধীনভাবে কাজ করছে, যা গণতন্ত্রকে স্থায়ী কাঠামো দিতে সহায়তা করবে। মানুষের জানার অধিকার প্রতিষ্ঠা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার তথ্য অধিকার আইন পাস করেছে।
যুক্তরাষ্ট্র দূতাবাসের ইনফরমেশন সাপোর্ট টিমের পরিচালক কার্লা কিয়ের্নান ও প্যাসিফিক কমান্ড অগমেন্টেশন টিম লিডার ফিল মাহলা ও তথ্য সচিব কামাল আবদুল নাসের এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/২৩০০ ঘ.
bdnews24