ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের বিচার কোন আইনে হবে, তা জানতে চেয়ে রাষ্ট্রপতির পাঠানো রেফারেন্সের শুনানি শেষ হয়েছে।
ষষ্ঠ দিন বৃহস্পতিবার শেষ অ্যামিকাস কিউরিয়া এ এফ এম মেসবাহউদ্দিন এবং এ এফ হাসান আরিফের বক্তব্য শোনে আপিল বিভাগ।
সকাল সাড়ে ১১টায় মেসবাহউদ্দিন তার বক্তব্য শেষ করলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সমাপণী বক্তব্য দেন।
এরপর আপিল বিভাগ এমিচি কিউরিয়াদের ধন্যবাদ জানিয়ে ১১টা ৪০ মিনিটে শুনানির সমাপ্তি ঘোষণা করেন।
তবে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ১১ বিচারপতির বেঞ্চ এখনও মতামত জানায়নি।
কবে আপিল বিভাগ মতামত দিতে পারেন- অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের বলেন, "আদালত রাষ্ট্রপতির কাছে মতামত পাঠাবেন। তবে কবে পাঠবে তা আদালতের বিষয়। প্রকাশ্যে আদালতে মতামত দেওয়ার বিধান নেই।"
শুনানির পর অ্যামিকাস কিউরিয়া হাসান আরিফ সাংবাদিকদের বলেন, "সেনা আইনে সরাসরি বিডিআর সদস্যদের বিচার করা সম্ভব নয়। প্রজ্ঞাপন জারি করে ভূতাপেক্ষ কার্যকারিতা দেওয়ার বিষয়েও সেনা আইনে কোনও ক্ষমতা দেওয়া হয়নি।"
"আদালত রেফারেন্সটির জবাব না দিয়ে রাষ্ট্রপতির কাছে ফেরতও পাঠাতে পারেন", বলেন তিনি।
মেসবাহউদ্দিন বলেন, "সেনা আইনে বিচার করা সম্ভব নয়। আর এ আইনে ভুতাপেক্ষ কার্যকারিতা দেওয়া যাবে না।"
তিনি বলেন, "তবে প্রচলিত আইনে বা বিশেষ আইনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ ঘটনার বিচার করা যেতে পারে।"
মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, "আমি বলেছি সেনা আইনে সরাসরি বিচার না করা গেলেও প্রজ্ঞাপন জারি করে বিডিআর সদস্যদের সেনা আইনের আওতায় এনে বিচার করা সম্ভব।"
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গত ১৭ আগস্ট বিডিআর রেফারেন্সটি সুপ্রিম কোর্টে পাঠান।
বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িতদের বিচার সেনা আইনে করা যাবে কিনা রেফারেন্সে সে বিষয়ে আপিল বিভাগের মতামত চাওয়া হয়।
এতে আরও জানতে চাওয়া হয়েছে, যদি সেনা আইনে না করা যায়, সে ক্ষেত্রে সেনা আইনের ৫ ধারা অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে জড়িতদের বিরুদ্ধে ওই আইন প্রয়োগ করা যাবে কিনা।
গত ২৭ জুলাই বিডিআর বিদ্রোহের ঘটনার বিচার নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিচার প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের মতামত চাওয়ার সিদ্ধান্ত হয়।
গত ২৫ আগস্ট রেফারেন্সের শুনানি শুরু হয়। শুরুর দিন অ্যাটর্নি জেনারেল রেফারেন্সটি উপস্থাপন করেন।
শুনানিতে আদালতকে সহায়তার জন্য আপিল বিভাগ গত ১৯ আগস্ট ১০ সিনিয়র আইনজীবীকে এমিচি কিউরিয়া নিয়োগ করে।
তারা হলেন- কামাল হোসেন, খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, রফিক উল হক, টি এইচ খান, আমীর উল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি, মাহমুদুল ইসলাম, এ এফ হাসান আরিফ ও এ এফ এম মেসবাহউদ্দিন।
এর মধ্যে মাহমুদুল ইসলাম ও আজমালুল হোসেন কিউসি বিদেশে থাকায় তাদের পক্ষে লিখিত বক্তব্য নেয় আদালত।
ড. কামাল মনে করেন, গত ফেব্র"য়ারির বিডিআর বিদ্রোহের বিচার প্রজ্ঞাপন জারি করে সেনা আইনে করা যাবে না। একই কথা জানিয়ে এ বিচার একটি ট্রাইব্যুনালে করার প্রস্তাব দেন আমীর উল ইসলাম।
মাহবুবউদ্দিন আহমাদ ও রফিক উল হক বলেন, বিদ্রোহী বিডিআর জওয়ানদের বিচার প্রজ্ঞাপন জারি করে সেনা আইনে করা সম্ভব। তবে এর বিপরীত কথা বলেন টি এইচ খান, আজমালুল হোসেন কিউসি, মাহমুদুল ইসলাম, হাসান আরিফ ও মেসবাহউদ্দিন।।
রোকনউদ্দিন মাহমুদ বলেন, রেফারেন্সটি ফেরত পাঠানো যেতে পারে। এক্ষেত্রে তার যুক্তি, আদালত যদি এ রেফারেন্সের জবাব দেয় তাহলে তদন্তের হাত বেঁধে দেওয়া হবে।
গত ২৭ জুলাই বিডিআর বিদ্রোহের ঘটনার বিচার নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিচার প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের মতামত চাওয়ার সিদ্ধান্ত হয়।
গত ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৪১৫ ঘ.
bdnews24