ঢাকা, ০১ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আজাদ গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে গ্রেপ্তার ও পরবর্তী ঘটনা তদন্তে সরকার দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে।
কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব ইকবাল খান চৌধুরীর নেতৃত্বে একই মন্ত্রণালয়ের উপ-সচিব রাশেদুল ইসলাম কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। তবে কমিটি প্রয়োজনে যে কোনো কর্মকর্তাকে কো-অপট করতে পারবে।
সিআইডির পরিদর্শক গোলাম সারোয়ারের দায়ের করা মারধর, হত্যাচেষ্টা ও চুরির মামলায় বৃহস্পতিবার মধ্যরাতে আজাদকে তার মালিকানাধীন গ্র্যান্ড আজাদ হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। একদিনের আইনি হেফাজত শেষে রোববার দুপুরে আরেকটি প্রতারণা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।
আজাদের ছেলে জিয়াউর রহমান আজাদ তার বাবাকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তারের পর হয়রানি করা হচ্ছে বলে গত ২৯ আগস্ট সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন।
এদিকে আজাদের দ্রুত মুক্তি দাবি করে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) একটি প্রতিনিধি দল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছে। এর কয়েক ঘন্টার মধ্যেই সরকার এ কমিটি গঠন করলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এইচএ/২৩৩০ ঘ.
bdnews24