২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পে ১০ শ্রমিক চাকরিচ্যুত, প্রতিবাদে কাজ বন্ধ

দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের ১০ শ্রমিককে চাকরিচ্যুত করায় মঙ্গলবার থেকে শ্রমিকরা পাথর উত্তোলন কাজ বন্ধ করে দিয়েছে। ট্রেড ইউনিয়ন করার দায়ে তাদের চাকরিচ্যুত করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2009, 05:17 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

দিনাজপুর, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের ১০ শ্রমিককে চাকরিচ্যুত করায় মঙ্গলবার থেকে শ্রমিকরা পাথর উত্তোলন কাজ বন্ধ করে দিয়েছে। ট্রেড ইউনিয়ন করার দায়ে তাদের চাকরিচ্যুত করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়। বিকেলে মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপকের অনুরোধে তারা ধর্মঘর স্থগিত করে। বুধবার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কোম্পানি লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোমিনুল হক মোমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রেড ইউনিয়ন করার অভিযোগে মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প কর্তৃপক্ষ তাকেসহ ১০ শ্রমিককে কোনো আগাম নোটিশ ছাড়াই চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। এর প্রতিবাদে এবং চাকচি্যুতির আদেশ প্রত্যাহারের দাবিতে আজ (মঙ্গলবার) সকাল ৯টায় শ্রমিকরা পাথর উত্তোলন বন্ধ করে দিয়েছে। এ ব্যাপারে মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই প্রকল্পে ২৮৩ জন শ্রমিক কাজ করছে। এদের নিয়োগ করেছে ব্লু স্টার সার্ভিস নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। শ্রমিক নিয়োগের আগে ওই প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কোম্পানির চুক্তি হয়েছে- শ্রমিকরা কোনো ট্রেড ইউনিয়ন করতে পারবে না এবং কোনো আন্দোলন করতে পারবে না। তাই ট্রেড ইউনিয়ন করেছে বলে চুক্তি অনুযায়ী তাদের চাকরিচ্যুত করা হয়েছে। "চাকরিচ্যুতির বিজ্ঞপ্তি প্রকাশের পর সকালে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রকল্প এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।" তিনি বলেন, বিকেলে শ্রমিকদের বলা হয় কাল (বুধবার) ঢাকা থেকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এলে তার সঙ্গে শ্রমিকদের আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতে শ্রমিকরা কর্মসূচি স্থগিত করে। গত ১৮ আগস্ট প্রকল্পের শ্রমিকরা ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন নেয়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে কর্তৃপক্ষ চাররিচ্যুতির বিজ্ঞাপ্তি টানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২০ ঘ.