গাজীপুর, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি'র (আইইউটি) ছাত্র বিলাল মুসাকে (২২) মঙ্গলবার দুপুরে গাজীপুর পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।
গত ২৯ আগস্ট রাতে বিলাল মুসাকে বিমানবন্দর সড়কে একটি চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় ওই বাসের কর্মীরা। পরে পথচারী ও পুলিশ তাকে উদ্ধার করে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করে। সেখানে সোমবার ভোরে তার মৃত্যু হয়।
আইইউটি'র উপাচার্য ড. এম ইমতিয়াজ হোসেন সাংবাদিকদের জানান, পরিবারের সম্মতি নিয়েই মুসাকে এদেশের মাটিতে সমাহিত করা হয়েছে।
তিনি জানান, দুপুর সাড়ে ৩টায় গাজীপুর সদরের বোর্ডবাজারের আইইউটি ক্যাম্পাসে মুসার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় তিনিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন।
কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান ড. এম এ মোতালিব জানান, বিলাল মুসা আইইউটি'র কম্পিউটার সায়েন্স (হায়ার ডিপ্লোমা) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বড় ভাই অমর মুসা একই বিশ্ববিদ্যালয়ের বিএসসি টেকনিক্যাল এডুকেশনের প্রথম বর্ষের ছাত্র। তাদের বাবার নাম মুসা আহম্মেদ। বাড়ি নাইজেরিয়ার কাসিনা স্টেটের ১১ নম্বর জিবিয়া স্ট্রিট এলাকায়।
যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সুফিয়ান জানান, দুপুরে আইইউটি'র ছাত্ররা ব্যানার, পোস্টার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে খিলক্ষেত এলাকায় ঢাকা মহাসড়কের দু'পাশে দাঁড়িয়ে মৌন প্রতিবাদ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩০ ঘ.
bdnews24