ফেনী, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোয়াইন ফ্লু আক্রান্ত সন্দেহে ফেনীর এক শিশুকে মঙ্গলবার ঢাকায় পাঠানো হয়েছে।
ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সারোয়ার জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোগীকে ভালোভাবে পরীক্ষা করা হয়েছে। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, গলা ব্যাথা, বমিসহ সোয়াইন ফ্লুর সব লক্ষণই তার মধ্যে লক্ষ্য করা গেছে।
অবস্থার অবনতি ঘটায় তাকে রাজধানীর আইইডিসিআর-এ পাঠানো হয়েছে বলে তিনি জানান।
হাসপাতালের চিকিৎসক ও পরিবারের সদস্যরা জানান, জেলার দাগনভূঞার জায়লস্কর ইউনিয়ন বিএনপির সভাপতি বারাহিগুনী গ্রামের বাসিন্দা হামিদুল হকের মেয়ে ফারহানা ইয়াসমিন পপি (৮) ফেনী শহরের এসএসকে রোডের হলি ক্রিসেন্ট স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়ে।
সোমবার দুপুরে সে জ্বর নিয়ে বাড়ি ফিরলে বিকেলে ডা. বিমল চন্দ্র দাসের পরামর্শ নেওয়া হয়। পরে তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাকে সোয়াইন ফ্লু আক্রান্তদের জন্য সংরক্ষিত আলাদা কক্ষে রাখা হয়।
জেলা সিভিল সার্জন ডা. এস এম গোলাম কিবরিয়া জানান, সোয়াইন ফ্লু রোগীর চিকিৎসায় ফেনীর ৬টি হাসপাতালে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪২ ঘ.
bdnews24