ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাজারীবাগ সুইপার কলোনিতে স্থানীয় মহল্লার নির্বাচনে পরাজয়কে কেন্দ্র করে সোমবার বিকেলে দু'পক্ষের সংঘর্ষে শিশুসহ ১২ জন আহত হয়েছেন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বিকেলে স্থানীয় পানির পাম্প থেকে পানি সংগ্রহ করতে গেলে প্রথমে দুই পক্ষের মহিলাদের হাতাহাতি হয়। এর জের ধরে পরে পুরুষরা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মহল্লার নির্বাচনকে কেন্দ্র করেই এই সংঘর্ষ হয়েছে বলে জানান তিনি।
হাসপাতালে আহত কয়েকজন জানান, কয়েকদিন আগে স্থানীয় মহল্লার নির্বাচনে খালেক-লতিফ-বাইজু পরিষদের কাছে সাত্তার-নবু-গণি পরিষদ হেরে যায়। এর জের ধরে সোমবার বিকেল সাড়ে চারটার দিকে লতিফ পরিষদের লোকজন কলোনির ভেতরে পানির পাম্প থেকে পানি ভরতে গেলে পরাজিত সাত্তার পরিষদের লোকজন তাদের মারধর করে।
এরপর বিজয়ী খালেক-লতিফের লোকজনও লাঠিসোটা নিয়ে হামলা চালায়।
আহতরা হলেন- পেয়ারা বেগম (৪৫), জলিল (৩০), নাদিম (২২), সেন্টু (২৩), হালিমা (৩০), ইফাদ (৬ মাস), হাজেরা বেগম (৪০), সাজেদা (২০), কালাম (৪৮), মজনু (২৭), সানাউল্লাহ (২২) ও ফিরোজ মিয়া (৫৭)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/এসএইচ/০০০৭ ঘ.
bdnews24