গাজীপুর, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা, ময়মনসিংহ এবং গাজীপুরের বিভিন্ন স্থান থেকে গত দু'দিনে সাত ডাকাত গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাপড় ও একটি ট্রাক জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মো. হাসান (৩৫), ভালুকার মো. ফজলু (৩০), মো. মিজান (৩৫) ও ফাইজুদ্দিন (২৭), মাদরীপুরের শিবচর এলাকার মো. ফারুক (৩৩) ও গোলাম মোস্তফা (৫০) এবং গাজীপুরের শ্রীপুরের মো. কামাল (২৯)।
পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক মদনমোহন বণিক জানান, গোপন সংবাদ পেয়ে রোববার রাতে ময়মনসিংহের ভালুকা থেকে ট্রাক ডাইভার ফাইজুদ্দিনকে গ্রেপ্তার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী জয়দেবপুর চৌরাস্তা থেকে চালকের সহকারী ফজলু, শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে কালাম ও মিজান, শ্রীপুরের এমসি বাজার থেকে হাসান এবং ঢাকার গেন্ডারিয়া থেকে ফারুককে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া সোমবার ভোরে ৬৩ রোল জিন্স কাপড়সহ গোলাম মোস্তফাকে ঢাকার মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গাজীপুর ডিবি'র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কামরুল আহসান জানান, গাজীপুর সদরের পূবাইলের চামুড্ডা এলাকায় স্পটফেম অ্যাপারেলস্ লিমিটেড কারখানায় গত ২৫ আগস্ট রাতে ডাকাতি মামলায় গ্রেপ্তারকৃতরা জড়িত বলে স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০৬ ঘ.
bdnews24