২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাদেকীর মুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন তার বাবা

সন্ত্রাসবাদীদের সাহায্যের দায়ে অভিযুক্ত ও যুক্তরাষ্ট্রে কারারুদ্ধ এহসানুল ইসলাম সাদেকীকে জিজ্ঞাসাবাদের নামে চরম নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তার বাবা সরদার মো. শরীফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2009, 04:33 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসবাদীদের সাহায্যের দায়ে অভিযুক্ত ও যুক্তরাষ্ট্রে কারারুদ্ধ এহসানুল ইসলাম সাদেকীকে জিজ্ঞাসাবাদের নামে চরম নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তার বাবা সরদার মো. শরীফ। সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক সাদেকীর মুক্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। 'ইউনিভার্সেল স্যালভেশন অর্গানাইজেশন' নামে একটি মানবাধিকার সংগঠন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে সাদেকীর চাচা ও তাদের আইনজীবী জিয়াউল হক উপস্থিত ছিলেন। এ সময় সরদার মো. শরীফ বলেন, "২০০৬ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই'র সহযোগিতায় মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সাদেকীকে ধরে নিয়ে যায়। এরপর তারা ওই বছরের ২১ এপ্রিল একটি মার্কিন সামরিক বিমানে করে সম্পূর্ণ বেআইনিভাবে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়।" গত ২৬ আগস্ট সাদেকীকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়াকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। তার বিরুদ্ধে মার্কিন আদালতে সন্ত্রাসবাদীদের কৌশলগত সহায়তা করার অভিযোগ আনা হয়েছে। সাদেকীর বাবা অভিযোগ করেন, ধরে নিয়ে যাওয়ার পর সাড়ে তিন বছর ধরে সাদেকীর ওপর অকথ্য নির্যাতন চলছে। আটলান্টার আদালতে তাকে কোনও আইনজীবী নিয়োগ দিতে দেওয়া হচ্ছে না। তাকে ভূগর্ভস্থ একটি বদ্ধকুঠুরিতে আটকে রাখা হয়েছে। মো. শরীফ বলেন, "প্রচণ্ড শারীরিক ও মানসিক নির্যাতনের ফলে সাদেকী এখন চরম অসুস্থ। চিকিৎসারও সুযোগ দেওয়া হচ্ছে না। তার হাত-পাসহ শরীরের কয়েকটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে।" তিনি আরও বলেন, "তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সামরিক গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা ষড়যন্ত্রমূলকভাবে সাদেকীকে এফবিআই-এর হাতে তুলে দেয়। এর আগে বাংলাদেশ থেকেই তার ওপর কঠোর নির্যাতনের পালা শুরু হয়।" সাদেকীর বাবা দাবি করেন, ১৮ বছর বয়সে মার্কিন আইন অনুযায়ী নাবালক অবস্থায় সাদেকীকে ধরে নিয়ে যাওয়া হয়। এ বছর ২১ বছর বয়স হওয়ার পর তাকে আদালতের মুখোমুখি করা হয়েছে। শুধু মুসলিম হওয়ার কারণেই তার ছেলেকে এই নির্যাতন সহ্য করতে হচ্ছে মন্তব্য করে মো. শরীফ বলেন, "সে দু' বছর কানাডায় ধর্মীয় বিষয়ে পড়াশোনা করেছে। ১৯৩টি হাদিস আরবী থেকে ইংরেজিতে অনুবাদ করেছে। তার অনুবাদকৃত হাদিসও মার্কিন আদালতে অপরাধের প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে।" সাদেকীর বাবা দাবি করেন, কানাডায় সন্ত্রাসবাদী হিসেবে যাদের ছবি প্রকাশ করা হয়েছে তাদের মধ্যে সাদেকীর ছবি নেই। সংবাদ সম্মেলনে তার আইনজীবী জিয়াউল হক বলেন, "পাসপোর্ট ছাড়া এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার কোনও নিয়ম নেই। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনও বন্দী বিনিময় চুক্তি না থাকার পরও তাকে সামরিক বিমানে করে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এটা বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএইচ/এসকে/২২৪৮ঘ.