সায়েদুল ইসলাম তালাত
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদক
ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও রাজধানীর হাসপাতালগুলোতে সোমবারও রোগী ভর্তির যথাযথ প্রস্তুতি দেখা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর অনুসন্ধানে দেখা গেছে, হাতেগোণা কয়েকটি হাসপাতালে বিশেষ ওয়ার্ড খোলা হলেও সেখানে বিছানার সংখ্যা অপ্রতুল। একটি হাসপাতালে ওয়ার্ড থাকলেও সোমবার সেটি ছিলো তালাবদ্ধ।
তবে বেশিরভাগ হাসপাতালেই কয়েকদিন আগে থেকে সোয়াইন ফ্লুর জন্যে বিশেষ ওয়ার্ড তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। এখনো ওই কাজ শেষ হয়নি।
ফলে এসব হাসপাতালে রোগী গেলেও চিকিৎসকেরা ভর্তি না করে সরাসরি উদরাময় গবেষণা প্রতিষ্ঠান (আইসিডিডিআর'বি) বা বক্ষব্যধি হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন ।
বক্ষব্যধি হাসপাতালে মারাত্মক অবস্থার রোগী ভর্তির জন্যে মাত্র চারটি বিছানা রয়েছে। আর সোয়াইন ফ্লু আক্রান্ত রোগী ভর্তির জন্যে বিশেষায়িত ওয়ার্ড নিমার্ণের কাজ শেষ হয়েছে।
আইসিডিডিআর'বি রোগী ভর্তির জন্যে রোববার থেকে পুরোপুরি প্রস্তুত হবে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের ( আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ বিষয়ে বলেন, "আগে চিকিৎসা শুরু হোক। অনেক রোগীকে হয়তো ভর্তি না করে বাসাতে রেখেই চিকিৎসা করা যাবে।"
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একশ' শয্যার একটি ওয়ার্ড চালুর ঘোষণা দেওয়া হলেও সোমবার সেখানে একটিও বিছানা দেখা যায়নি। এমনকি ওয়ার্ড চালুর কোন সরঞ্জাম, ডাক্তার বা নার্সকেও দেখা যায়নি। ওয়ার্ড তৈরির জন্যে নির্বাচিত স্থানে লিফটে করেও সরাসরি যাওয়া যায়না।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত অবশ্য সাংবাদিকদের বলেছেন, "হাসপাতালে খালি জায়গা হিসেবে ডি ব্লকের ১৬ তলার ওই স্থানটি নির্বাচন করা হয়েছে। রোগী এলেই বেড স্থাপন করা হবে।"
একশ' শয্যা স্থাপনের মতো প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।
সোহরাওয়ার্দী হাসপাতালে সাত শয্যার একটি ওয়ার্ড সোয়াইন ফ্লু রোগীদের জন্যে নির্বাচিত করা হলেও সেটি সোমবার তালাবদ্ধ দেখা গেছে। আনিস নামের হাসপাতালের একজন কর্মচারি জানান, রোগী নেই, তাই ওর্য়াডটি তালাবদ্ধ করে রাখা হয়েছে।
ঢাকা শিশু হাসপাতালেও সাত শয্যার একটি ওয়ার্ড তৈরি করা হয়েছে। হাসপাতালের পরিচালক অধ্যাপক এ আর খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সম্ভাব্য রোগীদের জন্যে আমরা একটি ওয়ার্ড বিশেষভাবে প্রস্তুত করে রেখেছি। একজন নার্সকেও প্রস্তুত রাখা হয়েছে। তবে এখনো আমাদের এখানে কোন রোগী আসেনি।"
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০টি বিছানা নিয়ে আলাদা একটি ওয়ার্ড তৈরি করা হয়েছে। তবে সেখানে গিয়ে কোন চিকিৎসককে পাওয়া যায়নি। হাসপাতালের এক কর্মচারি জানান, এখনো ওয়ার্ডটি পুরোপুরি চালু হয়নি। তাই রোগী এলে আইসিডিডিআর'বিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল খাদেমুল ইহসান মোঃ ইকবাল বলেন, "এখানে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা চারটি করে বিছানা নিয়ে একটি ওয়ার্ড তৈরি করা হয়েছে। প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য সরঞ্জামও আমরা পেয়েছি।
"তবে এখনো কোন রোগী ভর্তি করা হয়নি। সোমবার দু'জন রোগী এলেও তাদের অন্য সমস্যা থাকায় আমরা বক্ষব্যধি হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।"
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা ওয়ার্ড করা হলেও রোগীদের জন্যে আলাদা বাথরুম করা হয়নি। কিন্তু সোয়াইন ফ্লু চিকিৎসায় সবক্ষেত্রেই রোগীদের আলাদা রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।
সোয়াইন ফ্লু আক্রান্ত রোগী ভর্তির জন্যে এখনো পুরোপুরি প্রস্তুত হতে পারেনি আইসিডিডিআর'বি ও। যদিও এ হাসপাতালে আগে দু'জন শিশু ভর্তি ছিল।
আইসিডিডিআর'বির শর্ট স্টে বিভাগের প্রধান ড. আজহারুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই দু' শিশুর শরীরে এইচ১এন১ ভাইরাস পাওয়ার পরে আমরা একটি বিশেষ ওয়ার্ড তৈরির পরিকল্পনা করি। সেটির কাজ চলছে। আগামী রোববার নাগাদ পুরোপুরি কাজ শুরু করা যাবে।"
তিনি আরও বলেন, "আপাতত ১৫টি বিছানা নিয়ে সম্ভাব্য রোগীদের জন্যে একটি ও ২০টি বিছানা নিয়ে সোয়াইন ফ্লু পজিটিভ রোগীদের জন্যে আরেকটি ওয়ার্ড খোলা হচ্ছে। তাদের বাথরুম থেকে শুরু করে সবকিছুই আলাদা থাকবে।
"অফিসের সামনের ডায়রিয়া ওয়ার্ডের একটি অংশ নিয়ে ওয়ার্ডটি তৈরি করা হচ্ছে। প্রয়োজনে পুরো ডায়রিয়া ওয়ার্ডটি সরিয়ে দিয়ে সেখানে আরও বিছানা দেওয়া করা হবে।"
রাজধানীর সংক্রামক ব্যধি হাসপাতাল ও জাতীয় বক্ষব্যাধি হাসপাতালেও এ জন্যে আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। এই দু'টি ওয়ার্ড আইসিইউ সমৃদ্ধ হলেও দু' হাসপাতাল মিলে মোট বিছানার সংখ্যা মাত্র ১৬।
এ হাসপাতালের চিকিৎসক মোঃ মাসুদুর রহমান বলেন, "আমাদের এখানে দোতলায় ১২ শয্যার একটি ওয়ার্ড খোলা হয়েছে। সেখানে সোমবার রাতে একজন রোগীকে ভর্তি করা হয়েছে। তবে প্রতিদিন ১৫/২০জন রোগীকে চিকিৎসা দিয়ে বাসায় অবস্থান করার পরামর্শ দেওয়া হচ্ছে।
বক্ষব্যাধি হাসপাতালের অধ্যাপক রাশেদুল হাসান খান বলেন, "আমাদের এখানে চারটি বিছানার সঙ্গে একটি আইসিইউ রয়েছে। যাদের শ্বাসকষ্ট বা জীবন সংশয়ের আশংকা রয়েছে, শুধু তাদের এখানে ভর্তি করা হয়। রোববার রাতে একজন ভর্তি ছিলেন। সকালে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
"সোমবার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের রেফার্ড করা সোয়াইন ফ্লু পজিটিভ একজন রোগীকে ভর্তি করা হয়েছে।"
তিনি বলেন,"এইচ১এন১ ভাইরাস (সোয়াইন ফ্লু) পজিটিভ হলেও বেশিরভাগ রোগীকে হাসপাতালে ভর্তি করার দরকার হবে না। যাদের এ্যাজমা, নিউমোনিয়া, শ্বাসকষ্ট বা অন্য সমস্যা রয়েছে, শুধু তাদেরই হাসপাতালে ভর্তি করতে হতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসএইচ/২২৪৫ ঘ.
bdnews24