ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে ১৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।
সোমবার সকালে ঢাকা মহানগরীর বনানী রেল স্টেশন, নিউ এয়ারপোর্ট রোড এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে তথ্য অধিদপ্তর।
এক সরকারি তথ্যবিবরণীতে বলা হয়, ভ্রাম্যমান আদালত দূষণের জন্য দায়ী যানবাহনের বিরুদ্ধে মামলার পাশাপাশি তাৎক্ষণিকভাবে নয় হাজার একশ' টাকা জরিমানা আদায় করে। এছাড়া নিষিদ্ধ ঘোষিত ১২টি হাইড্রলিক হর্নও গাড়ি থেকে খুলে নেওয়া হয়।
সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিযান চলার সময় চালক ও যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ ও যানবাহনে সচেতনতামূলক স্টিকার সেঁটে দেওয়া হয়।
শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এর আলোকে পরিবেশ অধিদপ্তর নিয়মিত এ অভিযান পরিচালনা করে আসছে।
অধিদপ্তরের পরিচালক মোস্তফা ফারুকের নেতৃতে সোমবারের অভিযানে ম্যাজিস্ট্রেট ফারজানা সিদ্দিকা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বিআরটিএ ও বাংলাদেশ স্কাউটস অংশ নেয়।
ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জামশেদ আহমদ অভিযান পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/১৭২৮ ঘ.
bdnews24