২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার যানজট কমাতে নতুন সময়সূচি প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যানজট নিরসনে শিক্ষা প্রতিষ্ঠান, বিপণী বিতান, অফিস ও ব্যাংকের সময়সূচি আলাদাভাবে ঠিক করে একটি কর্মপরিকল্পনা প্রণয়ণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে বৈঠক শেষে তার প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2009, 08:00 AM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যানজট নিরসনে শিক্ষা প্রতিষ্ঠান, বিপণী বিতান, অফিস ও ব্যাংকের সময়সূচি আলাদাভাবে ঠিক করে একটি কর্মপরিকল্পনা প্রণয়ণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে বৈঠক শেষে তার প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন। তথ্য অধিদপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, "আজকের (সোমবার) বৈঠকে প্রধানমন্ত্রী ঢাকার অসহনীয় জানজট নিরসনের জন্য স্কুল, বিপণী বিতান, অফিস ও ব্যাংকের সময়সূচি আলাদা আলাদাভাবে নির্ধারণ করে প্রস্তাব তৈরী করে মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে উপস্থাপন করতে বলেছেন। এর ভিত্তিতে পরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।" আজাদ বলেন, "প্রধানমন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারি, আধা সরকারি ও বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে তাপমাত্রা ২৪ ডিগ্রি সেরসিয়াসের নীচে না নামাতে বলেছেন। এছাড়া তিনি প্রয়োজনে অফিসের কর্মকর্তাদের কোট পরার পরিবর্তে শার্ট-প্যান্ট পরে অফিস করতে বলেছেন।" প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ইন্ডিয়ান ওশান সমঝোতা স্মারকে বাংলাদেশের স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন হয় বলে জানান প্রেস সচিব। এ প্রসঙ্গে তিনি বলেন, নৌ নিরাপত্তা, সামুদ্্িরক দূষণ রোধ ইত্যাদি বিষয়গুলোর জন্য আঞ্চলিকভাবে কয়েকটি দেশকে কাজ করতে হয়। ইতোমধ্যে ৭টি দেশ এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। আজকের বৈঠকে বাংলাদেশের স্বাক্ষরের বিষয়টিও অনুমোদন দেওয়া হয়। এছাড়া স্মল এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্টকে (এসইডিপি) অগ্রণী ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে 'অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লি.' গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে বৈঠকে। এর তহবিল হবে ৫শ' কোটি টাকার অনুমোদিত ও ৫০ কোটি টাকার পরিশোধিত। এটি ৫ সদস্যের বোর্ড দ্বারা পরিচালিত হবে। এর মধ্যে অগ্রণী ব্যাংকের সদস্য থাকবেন তিন জন এবং বাকি দুজন বাইরের। এ বিষয়ে আজাদ জানান, এ প্রকল্পের (এসইডিপি) আওতায় বর্তমানে ময়মনসিংহ ও ফরিদপুরের লোকজন সুবিধা পায়। এর সুবিধা যাতে সারা দেশের মানুষ বিশেষ করে কৃষকরা পায় তা নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী। হাসিনা বলেন, "এর সুদের হার যেন কম হয়। দেশের মানুষকে সুদখোর ও ঘুষখোরদের হাত থেকে রক্ষা করতে হবে। এটি যেন নিশ্চিত হয়।" বৈঠকে শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ সম্পর্কে বলেন, "মালদ্বীপ তাদের দেশে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে। এজন্য তারা আমাদের কাছ থেকে কিছু শিক্ষক চেয়েছে। তাদের দেশের শিক্ষার্থীরা আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে চায়। এসব বিষয়ে সমঝোতা স্মারক সই হবে।" এছাড়া বৈঠকে গত ১৭-২০ আগস্ট চীনের ইনার মঙ্গোলিয়ার অর্ডোস শহরে অনুষ্ঠিত এশীয় সংস্কৃতি মন্ত্রীদের গোলটেবিল বৈঠক এবং ১১ তম এশিয়ান আর্ট ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিনিধি দলের একটি প্রতিবদেন উপস্থাপন করা হয় বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এফএফ/এইচএ/১৬৫০ ঘ.