২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রলারকে রেজিস্ট্রেশনের আওতার আনার সুপারিশ

দেশের নৌপথে অনুমোদনহীনভাবে চলাচলকারী ট্রলারগুলোকে রেজিস্ট্রেশনের আওতার আনার সুপারিশ করেছে নৌ পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2009, 03:33 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের নৌপথে অনুমোদনহীনভাবে চলাচলকারী ট্রলারগুলোকে রেজিস্ট্রেশনের আওতার আনার সুপারিশ করেছে নৌ পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি। একই সঙ্গে কমিটিকে ট্রলার দুর্ঘটনারোধে এগুলোর মধ্যে 'রিভার্স গিয়ার' লাগানো নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে। রোববার কমিটি প্রধান সাংসদ নূর-ই- আলম চৌধুরী লিটনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে দেশে অবৈজ্ঞানিক পদ্ধতিতে ট্রলার তৈরি ও প্রায়ই এগুলোর দুর্ঘটনার মধ্যে পড়া নিয়ে আলোচনা হয়। বৈঠকে বলা হয়, নদী মাতৃক এ দেশে প্রয়োজনীয় এ যানটিকে অনুমোদনের আওতায় এনে এগুলোর প্রস্তুত পদ্ধতিতে সংস্কার করা হলে দুর্ঘটনা কমিয়ে অনেক জীবন বাঁচানো সম্ভব হবে। এ সময় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী ও কমিটির সভাপতি যৌথভাবে ব্রিফিং করেন। এতে শাজাহান খান বলেন, দেশে নৌ-পথে লাখ লাখ ট্রলার চলাচল করে। তবে দুর্ঘটনার পর এর মালিক কে তাও খুঁজে পাওয়া যায় না। এর ফলে দুর্ঘটনারোধে কার্যকর পদক্ষেপ নেওয়া যাওয়া না। কমিটির সভাপতি নূর-ই- আলম চৌধুরী লিটন বলেন, "মাত্র ১০ হাজার টাকা খরচ করে ট্রলারে একটি 'রিভার্স গিয়ার' লাগালে চালক এর ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন। এটা সব দিক দিয়েই সুবিধাজনক।" তিনি জানান, ট্রলারগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় এনে সেগুলোতে রিভার্স গিয়ার লাগানোর ব্যবস্থা করতে মন্ত্রণালয়কে বলা হয়েছে। তিনি বলেন, "তারা এখন এ বিষয়ে পদক্ষেপ নিবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএইচ/২১৪৭ ঘ.