ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশানে একব্যক্তি র্যাবের গুলিতে আহত হয়েছে।
শহীদুল ইসলাম নামে ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তারও করা হয়েছে। তিনি সন্ত্রাসী বলে র্যাবের দাবি।
রোববার ভোররাতে গুলশান ১ নম্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট রায়হান আসগর খান।
র্যাব দাবি করছে, আত্মরক্ষার্থে তারা গুলি চালিয়েছেন।
র্যাব কর্মকর্তা রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "র্যাবের একটি টহল দল সাদা পোশাকে টহল দেওয়ার সময় গুলশান ৩১ নম্বর সড়কে একটি মোটরসাইকেল র্যাব সদস্যদের থামায়।
"র্যাব সদস্যরা পরিচয় দিলে সন্ত্রাসীদের একজন দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়। বাকি দু'জনকে ধরতে ধাওয়া করা হলে শহীদুল ছুরি বের করে র্যাব সদস্য ল্যান্স কর্পোরাল শাহাদতকে আঘাত করে।"
"আত্মরক্ষার্থে শাহাদত ওই সন্ত্রাসীর পায়ে গুলি চালায়", বলেন রায়হান আসগর।
তিনি বলেন, ছিনতাইয়ের উদ্দেশ্যেই ওই তিনজন গাড়িটি থামিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/এমআই/১৮০০ ঘ.
bdnews24