২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির মামলায় কিশোরগঞ্জে পৌর কাউন্সিলরসহ গ্রেপ্তার ৩

নির্মাণকাজে বাধা দান, চাঁদা দাবি ও মারপিটের অভিযোগে করা মামলায় রোববার কিশোরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল আলম শামীমসহ (৩৫) দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2009, 11:45 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

কিশোরগঞ্জ, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্মাণকাজে বাধা দান, চাঁদা দাবি ও মারপিটের অভিযোগে করা মামলায় রোববার কিশোরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল আলম শামীমসহ (৩৫) দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে গ্রেপ্তার করা হয় আরও একজনকে। গ্রেপ্তারকৃত অপর দুজন হলেন- কবীর মিয়া (৪২) ও দেওয়ান মো. আজিম দাদ খান (৪০)। তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শহরের হারুয়া এলাকার ব্যবসায়ী নারায়ণ দেবনাথ শনিবার রাতে ১২ জনকে আসামি করে সদর থানায় মামলাটি করেন। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন কাউন্সিলর শামীমকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।" তিনি জানান, নারায়ণ দেবনাথ নিজের মালিকানাধীন জমিতে নির্মাণকাজ করার সময় শনিবার স্থানীয় কাউন্সিলর আশরাফুল আলম শামীম তার দলবল নিয়ে বাধা দেন এবং তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাক-বিতণ্ডার এক পর্যায়ে তাকে মারধর করা হয় বলে নারায়ণ দেবনাথ অভিযোগ করেন। ওসি জানান, পুলিশ রোববার দুপুরে হারুয়া এলাকা থেকে কাউন্সিলর আশরাফুল ইসলাম শামীমকে গ্রেপ্তার করেছে। সকালে গ্রেপ্তার করা হয় দেওয়ান মো. আজিম দাদ খানকে। আর শনিবার রাতে গ্রেপ্তার করা হয় কবীর মিয়াকে। তিনি জানান, গ্রেপ্তার করা তিনজনকে বিচার বিভাগীয় হাকিম আবু তাহের সাঈদের আদালতে পাঠানো হয়। তাদের আইনজীবীরা জামিনের আবেদন জানালে হাকিম নামঞ্জুর করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০১ ঘ.