২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকা ফেরত চেয়ে গোপালগঞ্জে যুবক গ্রাহকদের মানববন্ধন

গোপাগঞ্জে যুব কর্মসংস্থান সোসাইটি'র (যুবক) গ্রাহকরা আমানতের টাকা ফেরত দেওয়ার দাবিতে শনিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে দুপুর ১২ টা থেকে আধ ঘণ্টা এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় যুবকের গ্রাহকরা টাকা ফেরতের দাবি সংবলিত প্ল্যাকার্ড বহন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2009, 02:46 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

গোপালগঞ্জ, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপাগঞ্জে যুব কর্মসংস্থান সোসাইটি'র (যুবক) গ্রাহকরা আমানতের টাকা ফেরত দেওয়ার দাবিতে শনিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে দুপুর ১২ টা থেকে আধ ঘণ্টা এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় যুবকের গ্রাহকরা টাকা ফেরতের দাবি সংবলিত প্ল্যাকার্ড বহন করেন। যুবকের মাঠ সংগঠক শাহীনুর কবীর সাংবাদিকদের বলেন, ২০০৩ সালে যুবক গোপালগঞ্জে কার্যালয় খুলে হাউজিং প্রকল্প, বিভিন্ন মেয়াদী আমানত ও ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহের কাজ শুরু করে। ২০০৬ সাল পর্যন্ত এ কার্যক্রমের মাধ্যমে যুবকের জেলা সমন্বয়কারী নুর হোসেন দুলাল, শাখা ব্যবস্থাপক কাইজার হোসেন মিয়া, ডেপুটি এরিয়া ম্যানেজার মোতাহার হোসেন পুষ্প ১৫ কোটি টাকার আমানত সংগ্রহ করেন। পরে তারা উধাও হয়ে যান। তাদের এই প্রতারণা শিকার হয়েছেন রেহেনা হাসান রিপা, শান্তি রায়, ঠাকুরদাসী, স্বপন বালা, বরুন হালদার, শহিদুল ইসলাম, সুজন কান্তি বালা, রিজিয়া বেগম, গৌরি রায়, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সুশীল কুমার চক্রবর্তী, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শিবেন্দ্র নাথ মিত্রের মত অনেক মানুষ। প্রতারিত গ্রাহকরা বলেন, ২০০৬ সালে যুবকের মাঠ সংগঠক তানজিরা খানম বেলা, রামকৃষ্ণ বিশ্বাস, ভারতী মজুমদার, বিএম আব্বাস আলী, নাজমুল ইসলাম নান্টু তাদেরকে যুবকে টাকার বিনিয়োগের লোভনীয় প্রস্তাব দেন। তারা এতে আকৃষ্ট হয়ে বিনিয়োগ করেন। লাভ তো দূরের কথা আসল টাকাও তারা ফেরত পাননি। গোপালগঞ্জে যুবক গ্রাহকদের কাছ থেকে প্রায় ১৫ কোটি টাকা সংগ্রহ করেছে বলে তারা জানান। প্রতারিত গ্রাহকরা জানান, ২০০৬ সালের শেষের দিকে যুবক'র কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়। তারপর থেকে আসল টাকা ফেরত পেতে অনেক ঘোরাঘুরি করেছেন তারা। গোপালগঞ্জ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বেগম ফজিলাতুন্নেছা মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে বলেন, কোন দিশা না পেয়ে যুবকের প্রতারিত গ্রাহকরা টাকা ফেরত পাওয়ার জন্য মানববন্ধন করেছে। সারা দেশে যুবকের অনেক সম্পত্তি রয়েছে। এসব সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিতে তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান। অভিযুক্ত মাঠ সংগঠক রামকৃষ্ণ, ভারতী, অমিত, আব্বাস, নান্টু বলেন, তারা প্রথম যুবকের গ্রাহক ছিলেন। যুবক'র জেলা সমন্বয়কারী নুর হোসেন দুলালসহ অন্যান্য কর্মকর্তারা তাদেরকে লাভ দেওয়ার কথা বলে কর্মী বানান। তারা নিজেদের ও আত্মীয়-স্বজনদের কাছ থেকে টাকা এনে যুবক-এ বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা দাবি করেন, সাধারণ গ্রাহকরা টাকার জন্য তাদের চাপ দিচ্ছেন। কিছু কিছু টাকা নিজের পকেট থেকে দিতে হচ্ছে তাদের। আর্থিক দিক থেকে তারা নিঃস্ব হওয়ার পাশাপাশি মানসিকভাবেও চাপের মধ্যে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৫ ঘ.