২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে যুবলীগ নেতাকে হত্যা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় শনিবার ভোররাতে এক যুবলীগ নেতাকে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2009, 05:02 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

সিরাজগঞ্জ, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় শনিবার ভোররাতে এক যুবলীগ নেতাকে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত হুমায়ুন কবীরের (৩৫) গলাকাটা লাশ সকালে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম। হুমায়ুন যুবলীগের ভাঙাবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি ছিলেন। তার পরিবারের অভিযোগ বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আইনাল হকের ইন্ধনে এ হত্যাকাণ্ড হয়েছে। মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আইনালের গাফিলতির কারণেই এ ঘটনা ঘটেছে। তবে এসআই আইনাল এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, ওসিই মামলা না নিয়ে মীমাংসা করে নিতে পরামর্শ দিয়েছিলেন। পুলিশ জানায়, সাহরির কিছু সময় আগে রাত ৩টার দিকে হুমায়ুনকে বাড়ি থেকে ডেকে নেয় একদল লোক। সকালে বাড়ির পাশের একটি ধানক্ষেতে তার জবাই করা লাশ পাওয়া যায়। তার দেহে ছুরিকাঘাতের চিহ্নও রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি হানিফ জানান। তিনি বলেন, "নিহতের পরিবার সম্ভাব্য হত্যাকারী হিসেবে ওই এলাকার একাধিক লোকের নাম বলেছে। আমরা তা খতিয়ে দেখছি। তদন্তের স্বার্থে নামগুলো প্রকাশ করা যাচ্ছে না।" হুমায়ুনের বিরুদ্ধেও বেলকুচি থানায় একাধিক মামলা রয়েছে বলে ওসি জানান। হুমায়ুনের স্ত্রী ময়না খাতুন, তার চাচাতো ভাই আলাউদ্দিনসহ গ্রামবাসী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, এলাকার হামিদুল, হাফিজুল, ছাইদুল ও তোতা ভূঁইয়া এবং তার ছেলে কানন ও ইমরানের সঙ্গে হুমায়ুনের গণ্ডগোল হয়। তারই জের ধরে তারা গত শনিবার বাজার থেকে বাড়ি ফেরার সময় হুমায়ুনের ওপর হামলা চালায়। তারা অভিযোগ করেন, এ ঘটনায় হুমায়ুন বেলকুচি থানায় মামলা করতে গেলে এসআই আইনাল মামলা না নিয়ে বিষয়টি মীমাংসা করে নেওয়ার কথা বলেন। কিন্তু সোমবার রাতে অভিযুক্তরা হুমায়ুনের বাড়িতে অগ্নিসংযোগ করেন। এ বিষয়েও মামলা করতে গেলে এসআই আইনাল আবারও মীমাংসা করে নেওয়ার কথা বলে তাকে ফিরিয়ে দেন। হুমায়ুনের স্ত্রীসহ আত্মীয় স্বজনের অভিযোগ, আইনালের যোগসাজশে এ হত্যাকাণ্ড হয়েছে। মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী লতিফ বিশ্বাস ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, "এসআই আইনাল গাফিলতি না করলে আমাদের কর্মী খুন হতেন না।" তিনি আইনালের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। তবে অভিযোগ অস্বীকার করে এসআই আইনাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "আমি দুদিনের ছুটিতে বাড়িতে (রাজশাহীর গোদাগাড়ী) এসেছি। ওসি মামলা না নিয়ে ভাঙাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনকে মীমাংসার দায়িত্ব দিয়েছিলেন।" ওসি হানিফুল ইসলাম বলেন, "হুমায়ুন নামে কেউ আমার কাছে কোনো অভিযোগ নিয়ে আসেননি।" তিনি জানান, হুমায়ুন হত্যাকাণ্ডের ঘটনায় তার পরিবার ছয়জনকে আসামি করে একটি মামলা করেছেন। জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, এসআই আইনালকে জরুরিভাবে কর্মস্থলে ফেরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএসবি/১৯৩৯ ঘ.